এফএ কাপই ফন গালের ভরসা
১৯ গোলের ব্যবধান ঘুচিয়ে তারা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেবে—এমন কল্পনা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্তও করেননি। লুই ফন গালের দল কল্পনাকে হার মানাতেও পারেনি। পয়েন্ট তালিকায় পাঁচে থেকেই লিগ শেষ করলেন রুনি-মার্শিয়ালরা। গত রোববার ‘নকল বোমাতঙ্কে’ স্থগিত হওয়া বোর্নমাউথের সঙ্গে ম্যাচটি আবার হয়েছে পরশু, তাতে ৩-১ গোলের জয়টা এসেছে সান্ত্বনা হয়ে।
মৌসুমে অবশ্য একটি শিরোপা হাতছানি দিচ্ছে ইউনাইটেডকে, ২১ মে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে এফএ কাপ ফাইনাল। ফন গালের জন্য এটিই হতে পারে চাকরি বাঁচানোর ‘লাইফলাইন’। ডাচ কোচের চোখে শিরোপাটি সমর্থকদের প্রাপ্যও, ‘অনেক দিন হয়ে গেছে, ক্লাব এই কাপটা জিতেছে। আমিও এখানে শিরোপা জিততেই এসেছি। আর ইংল্যান্ডে এফএ কাপ তো অনেক বড় শিরোপা।’
প্রশ্ন হলো, শিরোপা এলেও কি ইউনাইটেড সমর্থকেরা ফন গালকে আগামী মৌসুমে দেখতে চাইবেন? ফন গালের যদিও বিশ্বাস তিনি থাকবেন, ‘আমি তিন বছরের চুক্তি সই করেছি, সেটি পূর্ণও করতে চাই। পালাবদলের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আমিই এখনো দলের কোচ।’
কিন্তু পরশু ওল্ড ট্রাফোর্ডে হাজার চল্লিশেক দর্শক বুঝিয়ে দিলেন ফন গালকে তাঁরা চাইছেন না। মৌসুমের সমাপ্তি সূচক বক্তব্যে ‘এফএ কাপ জয়ের প্রতিশ্রুতি’ দেওয়ার সময়ও ফন গালকে দুয়ো শুনতে হয়েছে। দুয়োর কারণও অনুমেয়, মৌসুমজুড়ে ‘ঘুমপাড়ানি’ ফুটবল খেলে ইউনাইটেড লিগে গোল করেছে মাত্র ৪৯টি, যেটি ১৯৮৯-৯০ সালের পর এক মৌসুমে ক্লাবের সবচেয়ে কম গোলের রেকর্ড।
ম্যানচেস্টার সিটিকে টপকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পরশু সেই দলের ওপরই কিনা দায়িত্ব পড়ল এক ম্যাচে ১৯ গোল করার! অসম্ভবটা সম্ভব হয়নি। তবে ওয়েইন রুনি, মার্কাস রাশফোর্ড ও অ্যাশলি ইয়াংদের গোল জয়ের স্বস্তি দিয়েছে ইউনাইটেডকে। শেষ মুহূর্তে ক্রিস স্মলিংয়ের আত্মঘাতী গোলটা যদি এই ম্যাচে বিরক্তির কারণ হয়, তবে তৃপ্তির উপলক্ষ ঘরের মাঠে রুনির শততম গোল। এক মাঠে থিয়েরি অঁরির সর্বোচ্চ ১১৪ গোলের রেকর্ডটা (আর্সেনালের আগের মাঠ হাইবুরিতে) নিশ্চয়ই আগামী মৌসুমে ভেঙে দিতে চাইবেন রুনি।
মাত্রই তিন মাস আগে মূল দলে ঢোকা রাশফোর্ডের ১৭তম ম্যাচে অষ্টম গোলও ইউনাইটেডে আঁকছে উজ্জ্বল ভবিষ্যতের ছবি। তবে সেই ভবিষ্যৎ ফন গালের অধীনেই হবে, সেই নিশ্চয়তা কি আছে? ইএসপিএন।