এফএ কাপে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিওফ হার্স্ট যেন আগে থেকেই বুঝতে পেরেছিলেন এমন কিছু হবে। পরশুই ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপের নায়ক বলেছিলেন, ‘এফএ কাপের জাদু এখনো একটুও কমেনি।’ আর গতকালই তাঁর কথাটাকে সত্যি প্রমাণ করে ছাড়ল অপেশাদার লিঙ্কন সিটি ও তৃতীয় স্তরের কাল মিলওয়াল। প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলিকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লিঙ্কন। এফএ কাপের ইতিহাসে ১০৩ বছর পর এই প্রথম কোনো অপেশাদার লিগের ক্লাব উঠল শেষ আটে। সেটিও কী, ম্যাচ শেষ হওয়ার মাত্র এক মিনিট আগে গোলটি পায় লিঙ্কন, করেছেন শন র‍্যাগেট। ম্যাচের পর তাঁর কথাটাই বলে দিচ্ছিল কত বড় চমক এটি, ‘আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যেন পাগলামি। বিশ্বাসই হচ্ছে না আমার!’

বিশ্বাস হওয়ার কথা নয় মিলওয়ালেরও। ইংলিশ লিগ ওয়ানের দলটি কাল হারিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে! এখানেও নাটক, মিলওয়ালের শন কামিংস জয়সূচক গোলটি করেছেন ম্যাচের ৯০ মিনিটে! তুলনায় ম্যানচেস্টার সিটির জন্য ফলটা অতটা হতাশার নয়। চ্যাম্পিয়নশিপের দল হাডার্সফিল্ড টাউনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে, এখন রিপ্লে খেলতে হবে পেপ গার্দিওলার দলকে। এএফপি।