এফবিআইয়ের তদন্তের মুখে ব্ল্যাটার

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে ফিফা নির্বাচনের দু’দিন আগে জুরিখ থেকে গ্রেপ্তার হয়েছিলেন সাত ফিফা কর্মকর্তা। দুর্নীতির অভিযোগে আরও কয়েকজন ফিফা কর্মকর্তা সেসময় যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থার নজরদারির মধ্যে থাকলেও সভাপতি সেপ ব্ল্যাটার ছিলেন সবকিছুর ঊর্ধ্বেই। গতকাল মঙ্গলবার তীব্র সমালোচনার মুখে সভাপতির পদ থেকে নাটকীয়ভাবে পদত্যাগ করার পর পরিস্থিতি একটু অন্যরকমই দেখছেন এই সুইস ভদ্রলোক। ফিফায় চাউর হওয়া যাবতীয় দুর্নীতির অভিযোগ এখন তদন্ত হবে ব্ল্যাটারকে কেন্দ্র করেই। কারণ, তিনিই তো ১৭ বছর ধরে আঁকড়ে ছিলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ক্ষমতাশালী এই সভাপতির পদটি।
মঙ্গলবার রাতেই বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ছড়িয়ে পড়ে খবরটি। যাবতীয় কেলেঙ্কারি, দুর্নীতির হোতা হিসেবে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই ব্ল্যাটারের বিরুদ্ধে তদন্ত শুরু করছে। এ ব্যাপারে নিউইয়র্ক টাইমস আর এবিসি নিউজও আলাদাভাবে সংবাদ প্রকাশ করে। তবে রয়টার্সের প্রশ্নের জবাবে এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে, সেপ ব্ল্যাটারের পদত্যাগে স্বস্তি প্রকাশ করেছে ফিফার আর্থিক পৃষ্ঠপোষক কোকাকোলা, অ্যাডিডাস। ফিফার কর্মকর্তাদের গ্রেপ্তারের পর থেকেই এই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করে আসছিল। ব্ল্যাটারের পদত্যাগে স্বাভাবিকভাবেই স্বস্তি ঝরেছে তাঁর বিরোধী মহলে। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ব্ল্যাটারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি একটি সাহসী সিদ্ধান্ত, অবশ্যই এই সিদ্ধান্তটি ব্ল্যাটারের জন্য নেওয়া কঠিন ছিল। কিন্তু সিদ্ধান্তটি কিন্তু পরিস্থিতির বিচারে একেবারেই সঠিক সিদ্ধান্ত।’
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফায় ব্ল্যাটারের সবচেয়ে কড়া সমালোচক গ্রেগ ডাইক বলেছেন, ‘আমি বিশ্বাস করি ফিফার সভাপতির পদটি আঁকড়ে ধরে রাখার কোনো নৈতিক অধিকারই এই ব্ল্যাটারের ছিল না। সূত্র: রয়টার্স।