>

তাঁর ঘরে একটা জাদুঘর আছে। থাকবে নাই-বা কেন? ফুটবল ক্যারিয়ারে এত বড় বড় শিরোপা জিতেছেন, সার্জিও রামোস সেই জয়ের কোনো না কোনো স্মৃতি তো সযতনে বাড়িতে সাজিয়ে রাখবেনই। ২০১০ বিশ্বকাপে যে জার্সিগুলো পরেছিলেন, ২০১২ ইউরোর বুটগুলো, চ্যাম্পিয়নস লিগের পদক...। রিয়াল মাদ্রিদ অধিনায়কের এখন চাওয়া স্পেনের অধিনায়ক হিসেবে একটি বিশ্বকাপ।

প্রশ্ন: স্পেন ও পর্তুগালের অধিনায়ককে বলা হয় ভালো বন্ধু। ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি যখন হবেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে কীভাবে স্বাগত জানাবেন?
সার্জিও রামোস: অবশ্যই একে অন্যকে জড়িয়ে ধরব। এরপর আমি সর্বোচ্চ চেষ্টাটা করব ওর জন্য ম্যাচটাকে যতটা সম্ভব কঠিন করে তোলার, সে-ও সেটাই করবে। ফুটবল এমনই। ক্রিস্টিয়ানো সব সময়ই আমার ভালো বন্ধু। মাঠে, মাঠের বাইরে অসাধারণ কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। তবে ম্যাচের দিন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে দুজনই একে অন্যকে হারানোর চেষ্টা করব। যেহেতু দুজনই জিততে ভালোবাসি, তুমুল প্রতিদ্বন্দ্বিতাও হবে আমাদের।
প্রশ্ন: ২০১০ বিশ্বকাপে স্পেনের সঙ্গে পর্তুগালের দেখা হয়েছিল, ২০১২ ইউরোতেও। শেষ পর্যন্ত দুটি টুর্নামেন্টই জিতেছে স্পেন!
রামোস: মজার পরিসংখ্যান। আমরা দুটি শিরোপাই জিতেছি। তবে ম্যাচের দিন মাঠে সেটির প্রভাব পড়বে না, এই নিশ্চয়তা সবাইকে দিতে পারি আমি। ইউরো চ্যাম্পিয়নরা আমাদের ঝামেলায় ফেলার জন্য তৈরি থাকবে। আমাদেরও নিখুঁত প্রস্তুতি থাকতে হবে। প্রতিবেশীদের বিপক্ষে ম্যাচ সমর্থকদের মনে সব সময়ই বাড়তি উন্মাদনার জন্ম দেয়। একটা অসাধারণ, উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য আমরা প্রস্তুত।
প্রশ্ন: অদ্ভুত ঘটনা স্পেনের অনেকই আছে। ২০১০ বিশ্বকাপের ফাইনালে হল্যান্ডকে হারিয়েছিলেন। কিন্তু পরের ম্যাচে, অর্থাৎ ২০১৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে একই দলের কাছে হেরেছেন ৫-১ গোলে!
রামোস: এর সঙ্গে যোগ করে নিন, ওই হারটা বলতে গেলে তখনই আমাদের বিশ্বকাপ শেষ করে দিয়েছিল। আমার মনে হয় না বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চার বছর পর তাদের প্রথম ম্যাচে এতটা বাজে খেলেছে! দুটি রাতই সারা জীবন মনে থাকবে। ফাইনালটা মিষ্টি অনুভূতির, আর প্রথম রাউন্ডের ম্যাচটা সবচেয়ে বাজে। এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি সালভাদরে সে রাতে আসলে কী হয়েছিল! সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয়নি, চিলির কাছে পরের ম্যাচটা হেরে আমাদের বিশ্বকাপই শেষ হয়ে গেছে।
প্রশ্ন: ২০১০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ডারবানেও সুইজারল্যান্ডের কাছে হেরেছিলেন। যদিও পরের ছয় ম্যাচ জিতে শিরোপা উৎসব করেছিলেন। তিন বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের হ্যাটট্রিক হয়ে যাবে এবার?
রামোস: আইবেরিয়ান ডার্বিতে (স্পেন-পর্তুগাল ম্যাচের নাম) কী হবে সেটা আগে থেকে কেউই বলতে পারবে না। একটা ফুটবল ম্যাচে যেকোনো কিছুই সম্ভব। তবে (আগের দুই হারে) আমাদের শিক্ষা হয়েছে, মনে হয় না এবার তেমন কিছু ঘটবে।
প্রশ্ন: একটা বড় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করছেন, এতে কি বেশি সুবিধা হচ্ছে?
রামোস: শুধু একটা বড় দলই নয়, ইউরো চ্যাম্পিয়ন! শিরোপা জেতার জন্য ফেবারিট দলগুলোর একটি ওরা। ক্রিস্টিয়ানো ওর হৃদয় নিংড়ে দিয়ে খেলবে। এমন বড় দলের বিপক্ষে শুরু করলে ভেতর থেকে একটা বাড়তি তাগিদ আসে।
প্রশ্ন: বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্ব করা কতটা কঠিন?
রামোস: এখনো সেটা করিনি, তবে সম্ভবত সবচেয়ে বড় সম্মান এটি। দলের অধিনায়ক হয়ে বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করা। অনেক বড় ব্যাপার এটা। টানা চ্যাম্পিয়নস লিগ জিতেছি আমি। সেই অনুভূতিটাও অবিশ্বাস্য। তবে বিশ্বকাপ জেতার অনুভূতি একেবারেই আলাদা। দুটির তুলনা করতে পারছি না, করতে চাচ্ছিও না। দুটি মুহূর্তও যেন বাস্তবতাকে হার মানায়। এবার যখন আমি সোচিতে পর্তুগালের বিপক্ষে ম্যাচে অধিনায়কের বাহুবন্ধনী পরে নামব, সন্দেহ নেই আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারে সেটা হবে আরেকটা অসাধারণ মুহূর্ত।
প্রশ্ন: রাউল, ক্যাসিয়াস আর এখন রামোস। দেখে মনে হচ্ছে বড় টুর্নামেন্টে স্পেনের অধিনায়কত্ব করাটা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো যায়...
রামোস: কীই-বা বলতে পারি! যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা আমাকে বেছে নিয়েছেন। আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে লা রোহাদের নেতৃত্ব দিতে পেরে আমিও খুশি। আমার জন্য এটা বড় সম্মানের, ট্রফিটা আমাদের ক্যাবিনেটে ফিরিয়ে নিতে রাশিয়ায় এই ৩১ দিনে আমি সবটুকু ঢেলে দেব। ফুটবল ক্যারিয়ারে আমার আর অর্জনের তেমন বেশি কিছু বাকি নেই। দলের সদস্য হিসেবে একবার বিশ্বকাপ জিতেছি, এবার দলের অধিনায়ক হিসেবে জিততে চাই।
প্রশ্ন: ২০১০ বিশ্বকাপের স্পেন দলের সঙ্গে এই দলের যদি তুলনা করেন...
রামোস: জেরার্ড (পিকে), আন্দ্রেস (ইনিয়েস্তা), ডেভিড (সিলভা) আর সার্জিও (বুসকেটস) সেবারও আমার সঙ্গে ছিল। এই দুটি দলের তুলনা করা আমার জন্য সত্যিই কঠিন। শুধু একটা কথাই বলতে পারি, আমাদের এই দলটাও ২০১০ বিশ্বকাপজয়ী দলের মতো অসাধারণ মানসম্পন্ন। গত দুটি টুর্নামেন্টে (২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরো) বিশ্বজুড়ে আমাদের ভক্তদের প্রত্যাশা মেটাতে পারিনি। কিন্তু এই দলটার সবই আছে। তখন আমরা তরুণ ছিলাম, এখন পরিণত। কিছু দারুণ প্রতিভাও আছে, যারা বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছে। সমন্বয়টা একেবারে নিখুঁত।