এবার আগুয়েরোর পাঁচ গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থ নাভাসের তো বিশ্বাসই হচ্ছে না আগুয়েরোর গোল বন্যা। ছবি: রয়টার্স
সতীর্থ নাভাসের তো বিশ্বাসই হচ্ছে না আগুয়েরোর গোল বন্যা। ছবি: রয়টার্স

প্রথমে এসপানিওলের বিপক্ষে পাঁচ গোল করে দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ভলফসবুর্গের বিপক্ষে মাত্র নয় মিনিটে পাঁচ গোল করে বসলেন রবার্ট লেভানডফস্কি। সার্জিও আগুয়েরোই বা বাদ যাবেন কেন! নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তাই পাঁচ গোল করলেন এই আর্জেন্টাইন। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে, পাঁচ গোল করার মতো ব্যাপারটিই যেন খুব সহজ হয়ে উঠেছে!
চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ খেলায় পেনাল্টি থেকে গোল করে দলকে জিতিয়েছিলেন কয়েক দিন আগেই। কিন্তু পরিচিত সেই আগুয়েরোকে কেন যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সে জন্যই বোধ হয় একটু তেতে ছিলেন এই স্ট্রাইকার। তবে শুরুতে বোঝা যায়নি এভাবে জ্বলে উঠবেন তিনি। প্রথমার্ধে কেবল একটি গোল পেয়েছিলেন, তাও ৪২ মিনিটের মাথায়। খেলার ১৮ মিনিটের মাথায় আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে যাওয়া নিউক্যাসলের বিপক্ষে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। বিরতির পরই অন্য মূর্তির আগুয়েরো। মাত্র পাঁচ মিনিটের মাথায় দুইটি গোল করে হ্যাটট্রিক করে ফেলেন তিনি। কিন্তু এখানেই থামেন নি আগুয়েরো। খেলার ৬০ এবং ৬২ মিনিটের মাথায় আরও দুইটি গোল করে গোল সংখ্যাকে পাঁচে উন্নীত করেন তিনি। এরই মাঝে কেভিন ডি ব্রুইন ৫২ মিনিটের মাথায় করেন দলের হয়ে আরেকটি গোল। খেলার ৬৬ মিনিটের মাথায় আগুয়েরোকে মাঠ থেকে তুলে নেন সিটি কোচ। তা না হলে গোল বন্যা কোথায় গিয়ে থামতো তা বলা মুশকিলই!
আজকের এই জয়ে টানা দুই হারের পর আবার জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টারের এই দলটি।