এবার আর হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের একপাশে গোল হয়ে উৎসব করছেন ভারতের ফুটবলাররা। একপাশে শুয়ে কাঁদছেন মান্নাফ রাব্বি, রোহিতরা। সতীর্থদের কেউ একজন এসে সান্ত্বনা দিচ্ছেন ইব্রাহিমকে। একটু আগেই সেমিফাইনালে ভারতের কাছে সাডেন ডেথে (৪-৩) হেরেছে বাংলাদেশ। একাধিক পেনাল্টি শট নষ্ট করার মূল্য গুনে অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবলের সেমিফাইনালেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। আগামীকালের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ভারত।
বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচটির সরাসরি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকার নামের ‘লটারি’তে। টাইব্রেকারের শুরুতে ভাগ্যটা বাংলাদেশের পাশেই ছিল। ভারতের লালরাম প্রথম শটটি বারের ওপর দিয়ে তুলে মারলে জয়ের স্বপ্নই দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু এগিয়ে যাওয়ার এমন সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। টাইব্রেকার ও সাডেন ডেথ মিলিয়ে বাংলাদেশের ছয় শটের মাত্র তিনটি ঢুকেছে জালে। প্রথম পাঁচ শটের দুটি থেকে জনি ও রোহিত গোল করলেও ইব্রাহিমের শট যায় বাইরে। কিন্তু ভারতের সার্থকের শটটি পোস্টে লাগায় আশা ফিরে পায় বাংলাদেশ। চতুর্থ শটে ইমন গোল করতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যায়, কিন্তু তাঁর দুর্বল শট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক। পঞ্চম শটে মান্নাফ রাব্বি ফেরান সমতা (৩-৩)। এরপর জয়ের জন্য দরকার ছিল মাথা ঠান্ডা রাখার। ভারতের যুবারা সেটি পারলেও পারেননি বাংলাদেশের যুবারা। সাডেন ডেথে প্রথম শটে ভারতের অধিনায়ক ড্যানিয়েল গোল করেন। বাংলাদেশের রহমত মিয়া উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে। উড়িয়ে মারেন আসলে প্রথমবারের মতো বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্নটাকেও।
ম্যাচ শেষে কোচ সাইফুল বারী টিটু হতাশ কণ্ঠে কাঠমান্ডু থেকে টেলিফোনে বলছিলেন, ‘এই একই বারে গতকাল (পরশু) ছেলেদের অনেকবার পেনাল্টি শ্যুট আউট প্র্যাকটিস করিয়েছি। কিন্তু মাঠে গিয়ে ওরা পারল না।’ তাহলে স্নায়ুচাপেই ভেঙে পড়ল দল? টিটুর উত্তর, ‘স্নায়ুচাপ তো ছিলই। কারণ এদের অনেকেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই।’
পুরো ম্যাচে বাংলাদেশ খেলেছে অতিরক্ষণাত্মক কৌশলে। রক্ষণ সামলে প্রতি-আক্রমণে গোল দেওয়ার সুযোগ তারা তৈরি করতে পারেনি। তবে বাংলাদেশ যুব দলের কোচ এমন রক্ষণাত্মক খেলার একটা ব্যাখ্যাও দিয়েছেন, ‘ভারতের দলটি খুবই শক্তিশালী। ওদের সঙ্গে আমরা এমন কৌশলেই খেলতে চেয়েছিলাম। পরিকল্পনা আমাদের সফলই ছিল। শুধু টাইব্রেকার-ভাগ্যটাই পক্ষে যায়নি।’
শুরুতেই ভারত একটা সুযোগ পেয়েছিল গোল দেওয়ার। ম্যাচের দ্বিতীয় মিনিটে বল হাতে নিয়ে সময়ক্ষেপণ করায় গোলরক্ষক আনিসুলকে সতর্ক করে রেফারি বক্সের মধ্যেই দেন ফ্রি-কিকের নির্দেশ। তবে ড্যানিয়েলের শটটি আনিসুল দারুণ দক্ষতায় মুঠোবন্দী করেন। সেমিফাইনালটি আনফা একাডেমি মাঠে বসেই দেখেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সিলেটে গত সপ্তাহে ভারতকে হারিয়েই বাংলাদেশের কিশোরেরা তাঁর হাত থেকে নিয়েছিলেন সাফ অনূর্ধ্ব-১৬ শিরোপা। নয় দিন পর সেই ভারতেরই অনূর্ধ্ব-১৯ দল তাদের ছোটদের হারের ‘বদলা’ নিল!