এই মুহূর্তে ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো আছেন। আছেন তার আগে টানা চারবারের বর্ষসেরা লিওনেল মেসি। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলকে ভুলে যাবেন না! সঙ্গে যোগ করে নিন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের নামটাও।
শুধু এই নামগুলোর কারণেই লা লিগাকে বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস ফুটবল লিগ বলে দেওয়া যায়। এবার এই তারকামেলায় শামিল হয়েছেন বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেস রদ্রিগেজ, আর বিশ্ব ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত, একই সঙ্গে নন্দিত ও নিন্দিত লুইস সুয়ারেজও। আর কী চাই!
রোনালদো-মেসি-বেল-নেইমাররা তো আলো ছড়িয়ে যাচ্ছেন অনেক আগে থেকেই। রিয়ালের হয়ে অভিষেক হয়ে গেছে হামেস রদ্রিগেজেরও। শুধু বাকি বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে সুয়ারেজের অভিষেকের। সেই অপেক্ষা আরও মাস দুয়েকের। তবে বিশ্বের সবচেয়ে তারকাবহুল লিগটা দেখার জন্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা শেষ হয়ে যাচ্ছে আজই। লা লিগা যে শুরু হচ্ছে আজ!
উদ্বোধনী দিনেই অবশ্য তিন পরাশক্তির কেউই মাঠে নামছে না। গতবারের রানার্সআপ বার্সেলোনা এলচের বিপক্ষে লিগে তাদের প্রথম ম্যাচটা খেলবে কাল ন্যু ক্যাম্পে। পরশু বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। একই দিনে লা লিগার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ খেলবে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা দল করদোবার বিপক্ষে।
তারকাবহুল হলেও রিয়াল-বার্সেলোনার দাপটে গত এক দশকে ‘দুই ঘোড়ার দৌড়’ হয়ে গিয়েছিল লা লিগা। ২০০৩-০৪ মৌসুমে ভ্যালেন্সিয়া শিরোপা জেতার পরের নয়বার নিজেদের মধ্যে শিরোপা ভাগাভাগি করে নিয়েছে বার্সা ও রিয়াল। এই আধিপত্য ভেঙে দিয়ে গত মৌসুমে কোচ ডিয়েগো সিমিওনের হাত ধরে লা লিগায় বিস্ময়কর উত্থান অ্যাটলেটিকো মাদ্রিদের। দুর্দান্ত খেলে অ্যাটলেটিকো শুধু ঘরোয়া লিগই জেতেনি, রানার্সআপ হয়েছে চ্যাম্পিয়নস লিগেও। সেই অ্যাটলেটিকো এবারও লড়াইয়ে থাকবে দাপটের সঙ্গে। গত মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ডিয়েগো কস্তাকে চেলসির কাছে বিক্রি করে দিলেও এবার তারা বায়ার্ন মিউনিখের কাছ থেকে কিনেছে ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচকে। সঙ্গে অভিজ্ঞ রাউল গার্সিয়া, স্পেনের ‘নতুন জাভি’ কোকে আর আরদা তুরানরা তো আছেনই। দুই ঘোড়ার দৌড় নয়, এবার তাই শুরু থেকেই লা লিগা তিন ঘোড়ার দৌড়।
এই দৌড়ে গতবার শেষ পর্যন্ত তৃতীয় হয়েছিল রিয়াল। তবে সেই আক্ষেপ পরে আর থাকেনি শেষ পর্যন্ত বহু আরাধ্য
লা ডেসিমা জেতায়। এসি মিলান ছেড়ে এসে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই ক্লাবটির এক যুগ অপেক্ষার অবসান ঘটিয়েছেন কার্লো আনচেলত্তি। এবার তাই খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়ে গেছে তাঁর কাছে। তার ওপর হামেস রদ্রিগেজ, টনি ক্রুস আর কেইলর নাভাসের মতো বিশ্বকাপ মাতানো খেলোয়াড়দের দলে পেয়েছেন এবার। রোনালদো-বেল-বেনজেমা-মডরিচদের নিয়ে এই মৌসুমে রিয়াল যেন নতুন গ্যালাকটিকোস। শুধু লিগ নয়, রিয়ালের লক্ষ্য তাই এবার সম্ভাব্য ছয়টি শিরোপাই।
গত মৌসুমে ব্যর্থতার পর এবার বদলের ডাক এসেছে বার্সেলোনাতেও। ছয় বছর পর বড় কোনো শিরোপা ছাড়াই বার্সেলোনার মৌসুম শেষ করার দায়টা গেছে কোচ জেরার্ডো মার্টিনোর কাঁধে, সরে যেতে হয়েছে তাঁকে। নতুন করে শুরু করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বার্সেলোনারই সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড লুইস এনরিকেকে। দলে এসেছেন বিশ্বকাপে দারুণ খেলা চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো ও গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় সুয়ারেজ। ফিফা নিষেধাজ্ঞার কারণে সুয়ারেজ অবশ্য ২৪ অক্টোবর পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারবেন না। তবে ব্রাভোর বার্সা অভিষেক হয়ে যেতে পারে কালই। খেলোয়াড়দের আচরণ থেকে শুরু করে খেলার ধরন—সবকিছুতেই বদলের আভাস দিয়েছেন ‘কড়া হেডমাস্টার’ এনরিকে।
সেই বদলের হাওয়া বার্সেলোনাকে কতটা উজানে ঠেলে এখন সেটাই দেখার অপেক্ষা। এএফপি, রয়টার্স।