এবার আসছে কোরিয়ান দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আয়োজনটা ছিল দারুণ সফল। দর্শক ভরিয়ে তুলেছে এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারি। ফাইনালে তো ৩০ হাজার দর্শক মাঠেই ঢুকতে পারেননি। কলকাতা ইস্টবেঙ্গলকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন আয়োজক চট্টগ্রাম আবাহনী।

আয়োজক দলের স্বপ্ন এবারও শিরোপা ধরে রাখা। তবে কাজটা মনে হচ্ছে কঠিন হবে। কারণ গতবার এই দক্ষিণ এশিয়ার পাঁচটি দল এলেও এবার পূর্বঘোষণা অনুযায়ী এই অঞ্চল ছাড়িয়ে বাইরে দৃষ্টি ফেলেছেন আয়োজকেরা। তাই ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় শেখ কামাল টুর্নামেন্টে স্থানীয় দলের লড়াইটা সহজ হবে না।

এবার দক্ষিণ কোরিয়ার ক্লাব দল আনা হচ্ছে। যেটির নাম পোচেন সিটিজেন এফসি, কোরিয়ার চতুর্থ স্তরের চ্যাম্পিয়ন দল। চূড়ান্ত হয়েছে আরও দুটি বিদেশি দল। নেপালের মানাং মার্সিয়াংদি ও আফগানিস্তানের শাহিন আসমা​িয় এফসি। পাঁচটি বিদেশি দলের বাকি দুটি এখনো চূড়ান্ত হয়নি। একটি কম্বোডিয়ার ও একটি মালদ্বীপ বা শ্রীলঙ্কার হতে পারে।

গতবারও বিদেশি দল ছিল পাঁচটি। দুটিই আসে কলকাতা থেকে, ইস্টবেঙ্গলের সঙ্গে মোহামেডান। কিন্তু দ্বিতীয় টুর্নামেন্টে ভারতের কোনো দল পাওয়া যাচ্ছে না দেশটির ঘরোয়া ব্যস্ততার কারণে। অনেকেই বলছেন, ভারতের দল আনা গেলে সেটি হতো টুর্নামেন্টের একটা বাড়তি আকর্ষণ। যেমনটা গতবার দ্বিতীয় সারির দল এনেও ইস্টবেঙ্গল বেশ জমিয়ে গিয়েছিল চট্টগ্রাম। এবার তাদের আনতে অনেক চেষ্টা করেও পারলেন না আয়োজকেরা।

তবে গতবারের মতো এবার দলসংখ্যা ৮। পাঁচ বিদেশি দলের সঙ্গে বাংলাদেশের তিনটি। লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, আয়োজক চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডান। সাদা-কালোদের মাঠে দাপট নেই। ইতিহাসে এবারই দলটি লিগে সবচেয়ে বাজে ফল করেছে, ১২ দলে দশম হয়ে এড়িয়েছে অবনমন। তবে আয়োজকেরা জানিয়েছেন, মোহামেডান শেখ কামাল টুর্নামেন্টে ধার করে ভালো কিছু খেলোয়াড় নিয়ে খেলবে। তাতে দলটির শক্তি বাড়বে।

টুর্নামেন্টে অর্থ পুরস্কারও বাড়ছে। চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার ২৫ হাজার ডলার থেকে বেড়ে ৩০ হাজার ডলার। রানার্সআপের জন্য ১৫ হাজার। সব মিলিয়ে বাজেট ১০ কোটি টাকা। আর এই বিপুল অর্থের টুর্নামেন্টটা আকর্ষণীয় হবে বলেই বিশ্বাস চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরীর, ‘আমরা গতবার সাফের ফুটবল দেশগুলোকে এনেছি। এবার বাইরে যাচ্ছি। দেশের খেলাধুলার উন্নয়নে শেখ কামালের অবদান ছড়িয়ে দিতে চাই আরও বড় পরিসরে। আশা করি, গতবারের চেয়ে আরও সফল টুর্নামেন্ট হবে।’

চট্টগ্রাম আবাহনীর ফুটবল চেয়ারম্যান তরফদার রুহুল আমিন জানালেন, এ মাসেই ড্র হয়ে যাবে টুর্নামেন্টের। মাঠের প্রস্তুতিতেও নেমে পড়ছে আয়োজক দল। সেই লক্ষ্যে সাইফুল বারী টিটুকে কাল গত বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম আবাহনী।