এবার ইংলিশ কোচ জাতীয় ফুটবল দলের

গত সেপ্টেম্বরে ভুটানের কাছে হারের পর থেকেই কোচশূন্য জাতীয় ফুটবল দল। অবশ্য এত দিন কোনো খেলাও ছিল না। সহসাই যে জাতীয় দলের খেলা আছে, তাও নয়। জাতীয় দল এ বছর শেষে বঙ্গবন্ধু কাপ খেলবে। তবে তার আগে অনূর্ধ্ব-১৯ দলের খেলা আছে। তাই একজন বিদেশি কোচ নিয়ে আসা হচ্ছে। তাঁর নাম অ্যান্ড্রু ওর্ড। জাতীয় দলের নতুন কোচ হয়েই ১ জুন তাঁর ঢাকায় আসার কথা।
একেবারেই তরুণ এই কোচের বয়স মাত্র ৩৭। জাতীয় দল নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই তাঁর নেই। জম্ম ইংল্যান্ডের হার্ডার্স ফিল্ডে। পরে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন। থাকেনও অস্ট্রেলিয়ায়। ২০১৩ সাল থেকে সহকারী কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগের পার্থ গ্লোরি দলের সঙ্গে। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ওর্ড আধা পেশাদারি ফুটবল খেলেছেন। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত কোচ হিসেবে কাজ করেছেন থাইল্যান্ডের দুটি ক্লাবে।
আজ বাফুফের জাতীয় দল কমিটির সভায় নতুন কোচ হিসেবে ওর্ডের নিয়োগ চূড়ান্ত হয়েছে। তিন দিন আগে তাঁর সঙ্গে লন্ডনে কথা পাকাপাকি করেন জাতীয় দল কমিটির প্রধান সাংসদ কাজী নাবিল। টম সেন্টফিটের জুতায় পা গলিয়ে তরুণ এক কোচ হবেন বাংলাদেশের ফুটবলে ১৮তম বিদেশি কোচ।