এবার ওয়েবসাইটই 'গুঁড়িয়ে' দিলেন ইব্রা!

দূরপাল্লার জোরালো শট। শট তো নয় সে যে আগুনেরই গোলা! তাতেই গুঁড়িয়ে যায় প্রতিপক্ষ। জ্লাতান ইব্রাহিমোভিচ এবার ‘গুঁড়িয়ে’ দিলেন একটি ক্লাবের ওয়েবসাইট। না, তাতে সরাসরি তাঁর হাত নেই। তবে ইব্রার সৌজন্যেই কাল ক্র্যাশ করেছিল মালমোর ওয়েবসাইট।
মালমো? নামটা শুনে একটা চমকেই উঠেছিলেন ফুটবল ভক্তেরা। তার ওপর আবার শোনা গেল, এই ক্লাবেই যাত্রা শুরু ইব্রাহিমোভিচের। যে মালমোর মাঠে আবার ফিরবেন ইব্রা। এ নিয়ে আগ্রহ জন্মাতেই বিশ্বজুড়ে ফুটবল অনুসারীরা খোঁজ নিতে হামলে পড়লেন মালমোর ওয়েবসাইটে। একসঙ্গে এতগুলো হিট সামলানোর জন্য প্রস্তুত ছিল না সুইডিশ ক্লাবটির সাইট। প্লে অফে সেল্টিকের মতো ক্লাবকে বিদায় করে দিয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া মালমোর সেই সাইট তাই ক্র্যাশ করল।
মজার ব্যাপার হলো, ‘এ’ গ্রুপে পিএসজির সঙ্গে খেলা পড়েছে মালমোর। নিজের নাড়িপোঁতা শহর আর আঁতুড়ঘর ক্লাবের বিপক্ষে খেলবে হবে ইব্রাকে। গতকাল গ্রুপ পর্বের ড্রয়ের পর মালমোর সরকারি কোচ ওলোফ পারসনকে মনে হলো এ নিয়ে রোমাঞ্চিত, ‘জ্লাতানের ঘরে ফেরাটা দারুণ হবে। ওকে দারুণভাবে বরণ করে নেওয়া হবে, প্রতিবার ঘরে ফিরলে যেমনটা হয়—যেন সে-ই মালমোর রাজা।’
এই ‘এ’ গ্রুপের সৌজন্যে আরেকটি ফেরার গল্প জন্ম নিচ্ছে। পিএসজিতেই এবার নাম লিখিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। দীর্ঘ খরা শেষে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের দশম ইউরোপ সেরার ট্রফি জেতার অন্যতম কারিগর। এবার ডি মারিয়ার মুখোমুখি হচ্ছেন রিয়ালের। গতবার রিয়ালের সাবেক খেলোয়াড় মোরাতাই ছিটকে দিয়েছিল স্পেনের ক্লাবটিকে। ডি মারিয়া যতই তাঁকে ‘অবহেলা’র ‘প্রতিশোধ’ নিন, গ্রুপ পর্বে রিয়াল বাদ পড়বে—এতটা ভাবা বাড়াবাড়িই।
শুধু ইব্রা বা ডি মারিয়ার জন্য নয়; কাল মোনাকোর ড্রয়ে যে অলক্ষ্যে বাজল ‘আবার দেখা যদি হলো সখা’র সুর। দলগুলোর খেলার সূচি দেখে মনে হচ্ছিল, যেন চ্যাম্পিয়নস লিগের খেলা নয়, পুনর্মিলনী উৎসব!
হোসে মরিনহোর কথাই ধরুন। ‘জি’ গ্রুপে পড়েছে চেলসি ও পোর্তো। পোর্তোকে এই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েই সবার নজরে এসেছিলেন মরিনহো। সেই পোর্তোর বিপক্ষের ম্যাচে একটু হলেও নস্টালজিক হবেনই। তার ওপর এবারের হিসাবটা একটু ‘প্যাঁচ’ লেগে গেছে মরিনহোর জন্য। পোর্তোর গোলরক্ষক এখন ইকার ক্যাসিয়াস। রিয়ালে ক্যাসিয়াসের রাজত্ব টলিয়ে দিয়েছিলেন কিন্তু মরিনহোই। পোর্তো বনাম চেলসি হয়ে উঠবে মরিনহো বনাম ক্যাসিয়াসের দ্বৈরথও।
লুইস এনরিকের জন্য গল্পটা হয়তো আবেগের। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের পুরোনো ক্লাব রোমাকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছেন বার্সেলোনার কোচ। গত মৌসুমেই ডাচ ক্লাব আইন্দহোভেনকে লিগ জিতিয়েছেন মেমফিস ডিপাই। কিন্তু দলবদলের বাজারের শুরুতেই তাঁকে দলে টেনেছেন ইউনাইটেড কোচ ফন গাল। এই দুই ক্লাব আবার মুখোমুখি হচ্ছে ‘বি’ গ্রুপে।