এবার কি রাজাবদল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৪ বছর সিংহাসনটা তাঁর ছিল। তারপর দুই বছর ধরে সেই সিংহাসনে ক্রিস্টিয়ানো রোনালদো। আজ লিওনেল মেসি কি পারবেন সেই সিংহাসন পুনরুদ্ধার করতে? ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে জিততে পারবেন পঞ্চম ব্যালন ডি’অর?
বাতাসে কান পাতলে হ্যাঁ-বোধক অনুমানই বেশি শোনা যাবে। ২০১৫ সালটা এত অসাধারণ কেটেছে, আর দলগত এত অর্জনে ভেসেছেন যে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস এরই মধ্যে বলে দিয়েছেন, ‘যদি এবার মেসি ব্যালন ডি’অর না জেতে, আমি খুব বিস্মিত হব।’
কথাটা ক্রিস্টিয়ানো রোনালদো শুনলে কি রাগ করবেন? শুধু গোল দেখলে ২০১৫ সালের তিনি মেসির চেয়ে একটু এগিয়ে। ক্লাব ও দেশের হয়ে ৫৭ ম্যাচে ৫৭ গোল। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, পেছনে ফেলেছেন আলফ্রেডো ডি স্টেফানো আর রাউলের মতো কিংবদন্তিদের। পর্তুগাল যে এ বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোতে সরাসরি জায়গা করে নিয়েছে সেখানেও অধিনায়ক রোনালদোর বড় অবদান।
কিন্তু রোনালদো মেসির চেয়ে পিছিয়ে গেছেন দলগত অর্জনে। ক্লাব বার্সেলোনার হয়ে গত বছর পাঁচটি শিরোপা জিতেছেন মেসি। ৪৩ গোলে গত মৌসুমের লা লিগা শেষ করেছেন, চ্যাম্পিয়নস লিগেও ১০ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে ৬১ ম্যাচে ৫২ গোল। তবে এর মধ্যে বার্সেলোনার গত বছর যে পাঁচটি ফাইনালে খেলেছে তাতেই ৬ গোল মেসির। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রের ফাইনালে তাঁর দুর্দান্ত গোলটা তো সেরা গোলের জন্য পুসকাস পুরস্কারও জিততে পারে। দলগত অর্জনে এই পিছিয়ে থাকার ব্যাপারটা জানেন বলেই হয়তো কিছুদিন আগে রোনালদো নিজেই সংশয় প্রকাশ করেছেন, ‘এ বছর আমি পুরস্কার না-ও পেতে পারি।’
আবার ভিন্নমতও আছে। সাবেক ইংলিশ ফরোয়ার্ড কেভিন কিগান যেমন মনে করেন, ব্যালন ডি’অর আসলে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার এবং সেটিই বিবেচনায় রাখা উচিত। তবে সেটি বিবেচনায় নিয়ে সেরা বাছতে গিয়ে আবার কিগান নিজেও বেশ দ্বিধান্বিত, ‘আমার তো মনে হয় দুজনকেই যুগ্মভাবে জয়ী ঘোষণা করা উচিত। তারা দুজনেই অসাধারণ পারফর্ম করেছে।’
সেরা তিনে মেসি-রোনালদো ছাড়া অন্য যিনি আছেন, সেই নেইমারকে নিয়ে আলোচনাটা তুলনামূলক কম। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে গত বছরটা বাকি দুজনের চেয়ে খুব একটা মন্দ কাটেনি তাঁরও। ক্লাব ও দেশের হয়ে ৬২ ম্যাচে ৪৫ গোল। আর বার্সার সব শিরোপায় তো মেসির মতো তিনিও ভাগীদার।
এবার না হোক, শিগগিরই যে মেসি-রোনালদোর এই রাজত্ব নেইমারের হবে তাতে কোনো সন্দেহ নেই কাকার। মেসি-রোনালদোর আগে সর্বশেষ ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়া এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার তাই বলেছেন, ‘এখন তার খেলা অনেক পরিণত। সেরা হওয়াটা তার জন্য এখন শুধু সময়ের ব্যাপার।’ ফিফাডটকম।
২০১৫ সালে তাঁরা ৩ জন
                         ম্যাচ অ্যাসিস্ট গোল দলীয় ট্রফি
ক্রিস্টিয়ানো রোনালদো  ৫৭    ১৭     ৫৭    ০
লিওনেল মেসি           ৬১    ২৬     ৫২    ৫
নেইমার                  ৬২    ১৩     ৪৫    ৫
* ক্লাব ও দেশের হয়ে সব প্রতিযোগিতায়