এবার কিছু জিততে চান রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি চার্লটনকে ছোঁয়ার পর ওয়েইন রুনি l এএফপি
ববি চার্লটনকে ছোঁয়ার পর ওয়েইন রুনি l এএফপি

রেকর্ডটা একসময় তাঁর হবে, সেটা জানাই ছিল। তাই বলে এমন অদ্ভুতভাবে মিলে যাবে! ইংল্যান্ডের হয়ে ৪৯টি গোলের জন্য স্যার ববি চার্লটন খেলেছিলেন ১০৬টি ম্যাচ। পরশু স্যান মেরিনোর বিপক্ষে রুনি যখন তাঁকে ছুঁয়ে ফেললেন, তাঁর ম্যাচের সংখ্যাও ঠিক ১০৬! কিন্তু এমন অর্জনটাও রুনি এখন উৎসর্গ করতে প্রস্তুত। চার্লটন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছেন, রুনি এখন পর্যন্ত দেশের হয়ে বড় কোনো শিরোপাই জেতেননি। কিন্তু এই রেকর্ডের চেয়েও ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের কাছে একটি শিরোপাই বেশি কাঙ্ক্ষিত।
এমন নয় যে সময় শেষ হয়ে গেছে। বয়স ২৯, সামনের বছর ইউরোতে তো বটেই, পরের বিশ্বকাপেও হয়তো সুযোগটা পেতে পারেন। পরশু এমন এক অর্জনের দিনেও না পাওয়ার আকুলতাই থাকল রুনির কণ্ঠে, ‘স্যার ববির রেকর্ড ছুঁতে পেরে আমি খুবই গর্বিত। তবে আমরা তো আসলে দল হিসেবে কিছু জেতার জন্যই খেলি। কিছু গোলের বিনিময়ে হলেও এখন আমি ইংল্যান্ডের হয়ে কিছু একটা জিততে চাই।’ আপাতত অবশ্য সেই সুযোগ পাচ্ছেন না, তবে ববি চার্লটনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা সামনেই। কে জানে হয়তো আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতেই সেটি হয়ে যাবে। এখন সেদিকেই তাকিয়ে রুনি, ‘আজ (পরশুর ম্যাচে) ভাঙতে পারলে তো ভালোই লাগত। তবে ওয়েম্বলির মতো জায়গায় এটা করতে পারলেও খুবই ভালো লাগবে।’
পরশু ৫৮ মিনিটে ইংলিশ কোচ রয় হজসন তুলে না নিলে ইতিহাসটা গড়েও ফেলতে পারতেন রুনি। হজসন অবশ্য এটিকে খুব বড় করে দেখেননি, ‘আজ হোক, কাল হোক, সে ৫০তম গোলটা করবেই। সেটা মঙ্গলবার না হলে অক্টোবরে, অক্টোবরেও না হলে নভেম্বরে, নইলে ২০১৬-তে। কিন্তু এটা তারই। ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচে রেকর্ডটা ভাঙতে হলে আমি তো ওকে তুলে নিতাম না।’
ওয়েম্বলিতে চার্লটনের রেকর্ডটা ছাড়িয়ে যাওয়াটাকেই রুনি এখন হয়তো পাখির চোখ করেছেন। ক্লাবেও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে ছাড়িয়ে যেতে আর ১৭ গোল দরকার রুনির। ইউনাইটেড বা ইংল্যান্ডের হয়ে খেলার সময় চার্লটনকে প্রায়ই দেখেন গ্যালারিতে। রুনি মনে করিয়ে দিচ্ছেন, ‘ইউনাইটেডে যোগ দেওয়ার পর স্যার ববি সব সময়ই ড্রেসিংরুমে আসতেন। সবার সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে কথা বলতেন। আমি নিশ্চিত, রেকর্ডটা আমি ছোঁয়াতেই তিনি সবচেয়ে খুশি হয়েছেন।’
তবে রুনি যে নিজেকে এই উচ্চতায় নিয়ে যাবেন, সেটা একজন ভাবতেই পারেননি। ইংলিশ স্ট্রাইকারকে বিশ্বমঞ্চে তুলে আনার কৃতিত্ব যাঁর, সেই স্যার অ্যালেক্স ফার্গুসন তাঁকে পুরোপুরি স্ট্রাইকারই ভাবেননি, ‘কখনোই ভাবিনি ও স্যার চার্লটনের রেকর্ড ভাঙবে। আপাদমস্তক স্ট্রাইকার ওকে আমরা ভাবিনি, অসাধারণ একজন ফুটবলার হিসেবেই আমরা ওকে চেয়েছিলাম।’
আগামীকাল চার্লটন, ফার্গি সবাই হয়তো থাকবেন গ্যালারিতে। রুনির জন্য মঞ্চটা তো সাজানোই! এএফপি, রয়টার্স।