এবার কোয়ার্টারেই চেলসি-রিয়াল

চেলসির মাঠে সর্বশেষ ম্যাচে হেরেছিল রিয়াল মাদ্রিদছবি:
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি নেই, নেই ক্রিস্টিয়ানো রোনালদোও। মেসির সঙ্গেই দর্শকের তালিকায় কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এবার তাই তারকাদ্যুতি বেশ কম। চ্যাম্পিয়নস লিগ নিয়ে উত্তেজনা তাই এবার দলকেন্দ্রিক। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আতলেতিকো মাদ্রিদের সভাপতি এনরিক সেরেজো আশা করছিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে দেখা হবে তাঁর দলের। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বীদের দেখা পেতে চান না।

একটু আগে সুইজারল্যান্ডের নিয়নে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের ড্র জানিয়ে দিয়েছে সেরেজোর আশা পূরণ হচ্ছে না। কারণ, দুই দল কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালেই দেখা হবে তাদের।

রিয়াল মাদ্রিদ অবশ্য ওসব নিয়ে ভাবছে না। তাদের চিন্তায় থাকবে পাল্টা জবাবের। গত মৌসুমে সেমিফাইনালে তাদের হারিয়ে দিয়েছিল চেলসি। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে এবার কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে। ওদিকে আতলেতিকো কোয়ার্টারে পেয়েছে গতবারের আরেক ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটিকে। প্রথম সেমিফাইনালে এই দুই কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে।

ওদিকে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা উনাই এমেরির ভিয়ারিয়াল কোয়ার্টারে সম্ভাব্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে। শেষ ষোলোতে সালজবুর্গকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া বায়ার্ন মিউনিখের মুখোমুখি স্প্যানিশ ক্লাব। ওদিকে আয়াক্সকে হতভম্ব করে কোয়ার্টারে উঠে বেনফিকা পাচ্ছে লিভারপুলকে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এদিককার দুই কোয়ার্টার ফাইনাল বিজয়ী।