এবার ক্যাসিয়াসের 'আনুষ্ঠানিক' বিদায়

কোনো উদ্যাপন ছিল না, ছিল না কোনো ধন্যবাদ জ্ঞাপন। সান্তিয়াগো বার্নাব্যুর বিশাল সংবাদ সম্মেলনকক্ষে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে তিনি একা। সামনে লিখিত একটা বিবৃতি। সেটা পড়ার পর কোনো প্রশ্নোত্তর পর্বও হলো না। চোখ মুছতে মুছতে ইকার ক্যাসিয়াস বেরিয়ে গেলেন। মাদ্রিদের সময় তখন রাত ১০টা ২১ মিনিট, দিনটা ১১ জুলাই।
৫ বছর আগে এমনই এক ১১ জুলাই তাঁর হাতে ছিল বিশ্বকাপ ফুটবলের ট্রফি। রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে প্রথম ম্যাচটা খেলেছিলেন প্রায় ১৭ বছর আগে। বাবার হাত ধরে রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফ্যাবরিকায় প্রথম পা রেখেছিলেন ২৫ বছর আগে।
২৫ বছর! দুই যুগেরও বেশি সময়ের সম্পর্ক কিনা শেষ হয়ে গেল ৯ মিনিটের একটা সংবাদ সম্মেলনে! রিয়াল ছেড়ে পোর্তোতে যাচ্ছেন, এ গুঞ্জনটা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। শনিবার ক্যাসিয়াসের ঘোষণায় সেটা নিশ্চিত হলো। কিন্তু তাই বলে এভাবে! রিয়ালের ইতিহাসের সেরা গোলরক্ষক, ভালোবেসে সমর্থকেরা যার নাম দিয়েছে ‘সন্ত ইকার’, রিয়াল মাদ্রিদেরই প্রতিশব্দ হয়ে উঠেছেন যিনি, তাঁর বিদায় কিনা এমন সাদামাটা! রিয়াল মাদ্রিদের সঙ্গে (মতান্তরে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে) সম্পর্কটা কি এতই শীতল হয়ে গেল কিংবদন্তি এ গোলরক্ষকের?
টুইটার-ফেসবুকে সমর্থকেরা নিন্দার ঝড় তুললেন। বেশির ভাগের তিরটাই পেরেজের দিকে। স্প্যানিশ দৈনিক এল মুন্ডোকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাসিয়াসের বাবা হোসে লুইস ও মা মারিয়া কারমেনও দাবি করলেন, ক্যাসিয়াসকে ক্লাব থেকে একরকম বেরই করে দিয়েছেন সভাপতি পেরেজ। ফরাসি দৈনিক লেকিপ তো পেরেজকে ধুয়ে দিয়েছে, ‘রিয়ালের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন পেরেজ।’ বেশির ভাগ সংবাদমাধ্যমেই এক সুর—ক্লাব কিংবদন্তিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর একটা সুযোগ অন্তত পাওনা ছিল রিয়াল সমর্থকদের।
হয়তো এসব দেখেই পেরেজের টনক নড়ল। স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছে, সমালোচনার মুখেই পেরেজ সিদ্ধান্ত নেন ক্যাসিয়াসকে আনুষ্ঠানিক বিদায় জানানোর। অনেক অনুরোধ করে ক্যাসিয়াসকে রাজিও করা হয়। অবশেষে কাল বার্নাব্যুতে রিয়াল সমর্থকেরা সুযোগ পেল তাদের প্রিয় ‘সন্ত ইকার’কে ধন্যবাদ জানানোর।
কৃতজ্ঞতা জানিয়েছেন পেরেজও, ‘গত ২৫ বছরে সে আমাদের সম্মান-ভালোবাসা সবই পেয়েছে। রিয়াল ও স্প্যানিশ ফুটবল ইতিহাসের সেরা গোলরক্ষক আজ বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে।’ এই বিদায়ে তাঁর কোনো ভূমিকা নেই বলেও দাবি পেরেজের, ‘ইকার স্বেচ্ছায় যাচ্ছে। রিয়ালের কেউ তাঁকে যেতে বলেনি। ওর কাছে একটা প্রস্তাব এসেছে, সে আমাদের সেটা দেখিয়েছে। নিজের যোগ্যতা দিয়েই ক্যাসিয়াস এমন অবস্থানে এসেছে যে, সে কিছু বললে আমাদের সেটা শুনতে হয়।’
বার্নাব্যু স্টেডিয়ামে রিয়ালের হয়ে জেতা সবগুলো ট্রফির সামনে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দিয়েছেন ক্যাসিয়াস। তারপর আরও একবার বিদায় বলতে আসা নিয়ে রসিকতাও করেছেন, ‘এটাই কিন্তু শেষ। আর কোনো অনুষ্ঠান হবে না।’ সমর্থকদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে অবশ্য গলাটা ধরে এসেছে ঠিকই, আরও একবার ভিজে উঠেছে চোখ দুটি, ‘এই প্রথমবারের মতো আমি পোর্তোর খেলোয়াড় হিসেবে আপনাদের সামনে দাঁড়ালাম। দারুণ কিছু স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি জানি এই স্টেডিয়ামে আমার আরও অনেকবার আসা হবে। এখন থেকে আমি শুধুই রিয়াল মাদ্রিদের একজন সমর্থক। যখন সুযোগ পাই আমি এখানে এসে রিয়াল মাদ্রিদের জন্য গলা ফাটাব।’ মার্কা, রিয়াল মাদ্রিদ ডটকম।