এবার খেপেছেন সাম্পাওলি
আর্জেন্টিনা তাঁকে চায়, কথাটা বোধ হয় মিথ্যা নয়। কিন্তু সেটা সংবাদমাধ্যমে চলে আসায় বেশ ঝামেলায় পড়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেভিয়া স্পষ্ট বলে দিয়েছে, মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায় এসে কোচ হোর্হে সাম্পাওলিকে নিয়ে টানাটানি তাদের পছন্দ নয়। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়ে রেখেছে তারা। ক্লাবের এই কঠিন অবস্থানের পর আবার উল্টো খেপেছেন সাম্পাওলি। তাঁর কথা, এ রকম গুঞ্জন শুনে ক্লাব যদি বিবৃতি দিতে থাকে, তাহলে তো প্রতি সপ্তাহে একটা করে বিবৃতি দিতে হবে।
এদগার্দো বাউজাকে বরখাস্ত করার পর আর্জেন্টিনার নতুন কোচ কে হচ্ছেন, এ নিয়ে গুঞ্জন চলছে। সেই গুঞ্জনে সবচেয়ে বেশি উচ্চারিত নাম সাম্পাওলি। এমনও শোনা যাচ্ছিল, নতুন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তাঁর সঙ্গে বৈঠক করতে আসছেন। এরপরই সেভিয়া জানিয়েছে সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এএফএ পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, তাপিয়া মোটেও সাম্পাওলির সঙ্গে কথা বলতে স্পেনে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন লিওনেল মেসির সঙ্গে দেখা করতে।
এএফএ ও সেভিয়ার এই পাল্টাপাল্টি ভালো লাগছে না সেভিয়া কোচ সাম্পাওলির, ক্ষোভের সঙ্গেই বলেছেন, ‘এই বিবৃতিটা (সেভিয়ার) দেওয়া হয়েছে গুঞ্জনের ওপর ভিত্তি করে। এতে সত্যের লেশমাত্র নেই।’
আর্জেন্টিনার প্রস্তাবে তিনি ‘হ্যাঁ’ বলে দিয়েছেন, এমনটাও সত্যি নয় বলে দাবি সাম্পাওলির, ‘আমাকে তো এরই মধ্যে অনেকে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল আর হল্যান্ডের কোচও বানিয়ে দিয়েছে। এ রকম গুঞ্জন শুনে যদি ওরা বিবৃতি (সেভিয়া) দিতে থাকে, তাহলে তো প্রতি সপ্তাহে একটা করে বিবৃতি দিতে হবে।’
কোনটা গুঞ্জন আর কোনটা সত্যি, সেটা জানতে অবশ্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। সামনের মাসেই শেষ হয়ে যাবে ইউরোপে ক্লাব ফুটবলের চলতি মৌসুম। ওদিকে আগামী আগস্টের আগে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কোনো খেলা নেই। মৌসুম শেষ হলেই তাই সাম্পাওলির সঙ্গে আলোচনার ব্যাপারটা প্রকাশ্যে আনতে পারবে এএফএ। এএফপি।