এবার গেলেন ভালকে
ছোট হয়ে আসছে সেপ ব্ল্যাটারের বৃত্ত। গত এপ্রিলে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তারের পরই যেন অভিযোগের তিরটা একটু একটু সরে যাচ্ছিল ব্ল্যাটারের দিকে। এরপর ফিফা সভাপতি হিসেবে আবার মনোনীত হওয়ার পর চমকে দিয়ে ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণা, কম নাটক দেখেনি ফুটবল-বিশ্ব। পরশু আগুনের হলকাটা যেন আরেকটু বেশি লাগল ব্ল্যাটারের গায়ে, দীর্ঘদিনের সঙ্গী ও দুই মেয়াদে ফিফা মহাসচিব জেরোম ভালকেকে দায়িত্ব থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৮ মস্কো বিশ্বকাপের এক অনুষ্ঠানে ভালকের যাওয়ার কথা ছিল পরশু। বিমানে উঠেও ছিলেন, কিন্তু সদর দপ্তর থেকে বার্তা পেয়ে ফিরে আসেন জুরিখে। এর খানিক পর ফিফা এক বিবৃতিতে ভালকের অব্যাহতির কথা নিশ্চিত করে, ‘ভালকেকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরের বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো। মহাসচিবের বিরুদ্ধে আসা অভিযোগের ব্যাপারে ফিফা পুরোপুরি সচেতন। এরই মধ্যে ফিফার নৈতিকতা-বিষয়ক কমিটিকে তদন্তের জন্য অনুরোধও করা হয়েছে।’

অভিযোগ অস্বীকার
বিশ্বকাপের টিকিট নিয়ে দুর্নীতির সব অভিযোগ জেরোম ভালকে পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী বলেছেন, ভালকে অ্যালনের কাছ থেকে কখনোই টাকা বা মূল্যবান কিছু নেননি। অ্যালনের প্রতিষ্ঠান জেবি স্পোর্টসের সঙ্গে ফিফাই চুক্তি করেছে। এই চুক্তি ও পরে অ্যালনের সঙ্গে ফিফার সব ধরনের লেনদেনই খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে ফিফার আইন বিভাগ।
ফিফা মহাসচিবের বিরুদ্ধে গত এপ্রিলেই উঠেছিল দুর্নীতির অভিযোগ। যুক্তরাষ্ট্রের বিচার দপ্তর দাবি করেছিল, ২০১০ বিশ্বকাপ পাইয়ে দেওয়ার বিনিময়ে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন ভালকেসহ ফিফার আরও কয়েকজন। ওই অভিযোগের জন্য সাবেক ফিফা সহসভাপতি জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে মামলা চলছে। কিন্তু এবার ব্ল্যাটারের ডান হাত ভালকের বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ।
সাবেক ইসরায়েলি ফুটবলার ও কর্মকর্তা বেনি অ্যালনের দাবি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের টিকিট থেকে পাওয়া মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন ভালকে। জেবি স্পোর্টস নামের একটা ক্রীড়া বিপণন সংস্থায় কাজ করেন অ্যালন। ২০১৩ সালে ভালকে ও অ্যালন এই মর্মে এক অলিখিত চুক্তি করেন যে বিশ্বকাপের বেশ কিছু টিকিট নিজেদের কাছে রেখে পরে উচ্চ মূল্যে বিক্রি করবেন। অ্যালনের দাবি অনুযায়ী ভালকে এভাবে প্রায় ২০ লাখ ডলারেরও বেশি কামিয়েছেন। ভালকের সঙ্গে ই-মেইল চালাচালির প্রমাণও দিয়েছেন অ্যালন। যদিও রয়টার্স জানিয়েছে, ভালকে শেষ পর্যন্ত ওই অর্থ পেয়েছেন কি না সেই প্রমাণ তাদের হাতে নেই।
ভালকের গায়ে অবশ্য অনেক দিন থেকেই দুর্নীতির গন্ধ লেগে আছে। একসময়ের টিভি সাংবাদিক এই ফ্রেঞ্চ ভদ্রলোক ২০০৩ সালে বিপণন পরিচালক হিসেবে যোগ দেন ফিফায়। তিন বছর পরই ফিফার আর্থিক পৃষ্ঠপোষকতা-সংক্রান্ত একটা মামলায় জড়িয়ে যান ভালকে। পরে সে জন্য ৯ কোটি ডলার ক্ষতিপূরণও দিতে হয় ফিফাকে। ওই ঘটনার পরই চাকরি যায় ভালকের, কিন্তু ফিফায় ফিরে আসেন তিনি সাত মাসের মধ্যেই। ফিরে আসেন মহাসচিব পদে! সামনের ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাচ্ছে ব্ল্যাটার-অধ্যায়, ভালকে আভাস দিয়েছিলেন হয়তো তাঁকেও যেতে হবে। কিন্তু বিদায়টা হলো তাড়াতাড়িই, একটু কালি গায়ে লাগিয়েই!
ব্ল্যাটারকে অবশ্য আরেকটা ‘সমস্যা’ নিয়েও মাথা ঘামাতে হচ্ছে। জুরিখে আটক সাত কর্মকর্তার অন্যতম জেফরি ওয়েবকে মার্কিন কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করা হয়েছিল আগেই। পরশু সুইস আদালত সাবেক ফিফা সহসভাপতি উরুগুয়ের ইউজেনিও ফিগেরেদোকেও যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছেন। রয়টার্স, এএফপি।