এবার চোখ এল ক্লাসিকোতে
বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচটা খেলেছেন আগের দিনই। পরিচিতি অনুষ্ঠানটা হলো গতকাল।
ন্যু ক্যাম্পে প্রথমবার বার্সার জার্সি গায়ে চমক দেখাতে পারেননি। তবে মাইক্রোফোন হাতে সমর্থকদের ঠিকই মুগ্ধ করেছেন। জানিয়েছেন ন্যু ক্যাম্পে খেলাটা একটা স্বপ্নপূরণ। প্রতিশ্রুতি দিয়েছেন অতীতের ভুলগুলো বার্সেলোনার হয়ে কখনো না করার।
প্রীতি ম্যাচ খেলতে পারলেও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ওপর নিষেধাজ্ঞাটা থাকছে ২৪ অক্টোবর পর্যন্তই। এর দুই দিন পরেই ২৬ অক্টোবর বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ওই ম্যাচটা খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথাই কাল পরিচিতি অনুষ্ঠানে বললেন সুয়ারেজ, ‘আমি কঠোর অনুশীলন করব, যাতে ওই দিন পুরো ফিট থাকতে পারি।’ মেসি-নেইমারকে পাশে পেয়েও উচ্ছ্বসিত সুয়ারেজ, ‘লিও আর নেইমার দুজনই দুর্দান্ত খেলোয়াড়। আমরা সবাই জানি, ওরা বার্সার জন্য কী করতে পারে। আমি ওদের সঙ্গে একটু বাড়তি যোগ করতে এবং বার্সেলোনাকে শিরোপা জয়ের ধারায় ফেরাতে এসেছি।’ এফসি বার্সেলোনা ডটকম।