
গ্রুপ পর্বের ড্রয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আলোচনা এ নিয়ে। মজা করেই! কিন্তু কেন? আর্সেনালের গ্রুপে যে এবার প্যারিস সেন্ট-জার্মেই আছে। গত দুই মৌসুমে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের গ্রুপ থেকেই উঠে পরে ইউরোপ-সেরা হয়েছে বার্সেলোনা (২০১৫) ও রিয়াল মাদ্রিদ (২০১৬)। তাহলে তো তৃতীয় দানটা আর্সেনালেরই হয়!
উত্তর সময়ের হাতে তোলা, তবে সে পথে যাত্রা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। মাঠে গড়াচ্ছে ২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগ, আর প্রথম দিনেই সবচেয়ে আকর্ষণ জাগিয়ে শুরু আর্সেনাল-পিএসজি ম্যাচ।
বাংলাদেশের ফুটবল অনুরাগীদের জন্য একরকম ‘ঈদ উপহার’ হয়েই আসছে চ্যাম্পিয়নস লিগ। ঈদের রাত জেগে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ; ভিন্ন দেশের ক্লাবগুলোর একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই...আর অর্কেস্ট্রার মূর্ছনায় সেই ঘোর লাগানো সংগীত—‘দিজ আর দ্য চ্যাম্পিয়নস...!’
দারুণ কিছু ম্যাচও আছে প্রথম দিনে। আর্সেনাল-পিএসজির কথা তো বলাই হলো। একদিকে আর্সেন ওয়েঙ্গারের গতিময় পাসিং কৌশল, অন্যদিকে সেভিয়াকে টানা তিনটি ইউরোপা লিগ জিতিয়ে পিএসজিতে যাওয়া উনাই এমেরির বাস্তববাদী ছক কষা ফুটবল। একদিকে ওজিল-সানচেজ, তো অন্যদিকে ডি মারিয়া-ভেরাত্তি। পিএসজির মাঠে একটা বাড়তি প্রেরণাও থাকবে আর্সেনালের, ফ্রান্সের মাটিতে ফ্রেঞ্চ কোনো ক্লাবের কাছে কখনো হারেনি ইংলিশ ক্লাবটি।
প্রথম দিনে শিরোনামে থাকবেন পেপ গার্দিওলাও। তাঁর বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি ও সাবেক দুই ক্লাব—বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ নামবে মাঠে। ঘরের মাঠে বার্সেলোনার অতিথি সেল্টিক। তবে লুইস এনরিকের দল কি অতিথি সৎকারে আন্তরিক থাকবে? পরশুই ন্যু ক্যাম্পে নবাগত আলাভেসের কাছে হেরে যাওয়ায় বার্সেলোনার থাকবে হতাশা ভোলার প্রতিজ্ঞা। অন্যদিকে স্কটিশ লিগে ‘ওল্ড ফার্ম ডার্বি’তে রেঞ্জার্সকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়েই স্পেন যাবে ব্রেন্ডন রজার্সের সেল্টিক।
ডার্বি জয়ের আত্মবিশ্বাস থাকবে ম্যানচেস্টার সিটিরও। ওল্ড ট্রাফোর্ডে পরশু ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আসা সিটি গার্দিওলার অধীনে শুরু করবে চ্যাম্পিয়নস লিগ যাত্রা। তবে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ গার্দিওলার চেনা জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখ। গার্দিওলার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখও নামছে মাঠে, তাঁদের অতিথি গত মৌসুমে রাশিয়ায় রূপকথা লেখা রোস্তভ। লেস্টার সিটিও নামছে দ্বিতীয় দিনে। গত মৌসুমে ইংল্যান্ডে রূপকথা লেখা ক্লদিও রানিয়েরির দলের অভিষেক হচ্ছে চ্যাম্পিয়নস লিগে। তবে ঘরের মাঠে নয়, লেস্টার যাচ্ছে বেলজিয়ামের ক্লাব ব্রুগার মাঠে।
দ্বিতীয় দিনের সবচেয়ে বড় গল্প অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। ঘরের মাঠে পেশাদার ক্যারিয়ারের আঁতুড়ঘর স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের মুখোমুখি হচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এর বাইরে দ্বিতীয় দিনে জুভেন্টাসের মাঠে যাচ্ছে ইউরোপা লিগজয়ী সেভিয়া। তবে হোর্হে সাম্পাওলির দলের সামনে বড় চ্যালেঞ্জ, ২০১৩ সালের এপ্রিলের পর ঘরের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা ১৭ ম্যাচে অপরাজিত জুভেন্টাস। বুধবারই যে রেকর্ডটা ভাঙবে, এ নিয়ে বাজি ধরবে কে? তথ্যসূত্র: উয়েফা।