এবার জেরার্ড হুলিয়েরকে হারাল ফুটবল
একের পর এক শোক সংবাদ শুনেই যাচ্ছে ফুটবল বিশ্ব। এবার চলে গেলেন লিভারপুল ও ফ্রান্সের সাবেক কোচ জেরার্ড হুলিয়ের। ফ্রান্সের আরএমসি স্পোর্ত ও ক্রীড়া দৈনিক লে’কিপ আজ নিশ্চিত করেছে, ২০০১ সালে লিভারপুলকে কাপ ‘ট্রেবল’ জেতানো কোচের মৃত্যুসংবাদ। তাঁর বয়স হয়েছিল ৭৩। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্যারিসের এক হাসপাতালে অস্ত্রোপচারের পর মারা যান হুলিয়ের।
হুলিয়ের ১৯৯২ ও ১৯৯৩ সালে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তবে ১৯৪৭ সালে ফ্রান্সের তেরওয়ানে জন্মগ্রহণ করা হুলিয়ের বেশি পরিচিত ২০০০-০১ মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলকে এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা কাপের ‘ট্রেবল’ জেতানোর জন্য।
দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন ১৯৯৮ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া হুলিয়ের। ২০০১ সালে লিভারপুল-লিডস ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়ার পর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁর।
‘ট্রেবল’ জেতানো সাবেক কোচের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছে লিভারপুল, ‘ট্রেবলজয়ী ম্যানেজার জেরার্ড হুলিয়েরের মৃত্যুতে আমরা শোকাহত। জেরার্ডের পরিবার ও বন্ধুবান্ধবের জন্য সমবেদনা। শান্তিতে ঘুমান। জেরার্ড হুলিয়ের ১৯৪৭-২০২০।’
২০০৪ সালে লিভারপুল ছেড়ে যাওয়ার পর প্রথমে ফ্রান্সের লিওঁ ও পরে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব নেন হুলিয়ের। ২০১১ সালে অ্যাস্টন ভিলা ছাড়ার পর আর কোনো ক্লাবে কোচিং করাননি ১৯৭৩ সালে কোচিংয়ে নাম লেখানো হুলিয়ের। কোচ হিসেবে নাম কিনলেও খেলোয়াড় হিসেবে বলার মতো তেমন কিছু নেই হুলিয়েরের।
কোচ হিসেবে হুলিয়েরের প্রথম বড় ক্লাব পিএসজি। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটির কোচ ছিলেন। ১৯৮৮ সালে ফ্রান্স জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়া হুলিয়ের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন ১৯৯২ সালে। ফ্রান্স ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
১৯৯৮ সালে লিভারপুলে যোগ দিয়ে দলের খোলনলচেই পাল্টে দিয়েছিলেন হুলিয়ের। মার্সিসাইডের পাঁচ বছর সময়টাকে হুলিয়ের নিজেই বলেছেন লিভারপুলের পুনর্গঠনকাল। ১৯৯৯ সালে পল ইন্স, ডেভিড জেমস ও স্টিভ ম্যাকমানামানের মতো ফুটবলারদের ছেড়ে দিয়ে একঝাঁক নতুন খেলোয়াড় নিয়ে আসেন দলে। লিভারপুলের কোচিং সেন্টার মেলউডের সংস্কারও হয় তাঁর সময়ে।
এসব কাজের পুরস্কার ২০০০-০১ মৌসুমেই পেয়ে যান হুলিয়ের। কাপের ট্রেবল জয় ছাড়া সেই মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল লিভারপুল। পরের মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যারিটি শিল্ড ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতে লিভারপুল। ওই বছরের অক্টোবরেই হৃদরোগের কারণে পাঁচ মাসের জন্য কোচিংয়ে থাকতে পারেননি হুলিয়ের।
হুলিয়েরের ‘ট্রেবলজয়ী’ দলের অন্যতম সদস্য জেমি ক্যারাঘার আজ জানিয়েছেন, তিনি চেষ্টা করেছিলেন সাবেক কোচকে লিভারপুল সফরে নিয়ে আসতে, ‘জেরার্ড হুলিয়েরের খবরে আমি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছি। গত মাসেই তাঁর সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। আমি তাঁকে লিভারপুলে নিয়ে আসার চেষ্টা করছিলাম। মানুষটাকে আমি খুবই পছন্দ করতাম। তিনি ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমাকে পুরোপুরি বদলে দিয়েছেন। আর লিভারপুল তাঁর সময়েই আবার শিরোপা জিততে শুরু করে। চিরশান্তিতে থাকুন গুরু।’
লিভারপুলের ‘ট্রেবলজয়ী’ দলের আরেক সদস্য মাইকেল ওয়েনও শোক জানিয়েছেন টুইটারে, ‘আমার পুরোনো গুরু জেরার্ড হুলিয়েরের মৃত্যুর খবরে মনটা খুবই খারাপ। অসাধারণ ম্যানেজার ছিলেন তিনি, আশপাশের লোকজনের ভালোমন্দের খোঁজ নিতেন তিনি।’