
ধীর পায়ে যখন এগিয়ে যাচ্ছিলেন পেনাল্টি বক্সের দিকে, ভিনা দেল মারের সাওসালিতো স্টেডিয়ামে রুদ্ধশ্বাস নীরবতা। চার বছর আগে সান্তা ফের স্মৃতিটা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছিল কার্লোস তেভেজের। সেই ম্যাচটিও ছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। শুধু প্রতিপক্ষই ছিল ভিন্ন—উরুগুয়ে। সেবার শুধু তেভেজই পেনাল্টি থেকে গোল করতে পারেননি, তারাভরা আর্জেন্টিনার জয়রথ থেমে যায় শেষ আটেই। কে জানত, শাপমোচনের সুযোগ পাবেন এভাবেই? কাল সুযোগটা আর নষ্ট করেননি। নাটকীয় টাইব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে।
টাইব্রেকারে নায়ক হতে পারতেন আরেকজনও। পুরো ৯০ মিনিট আর্জেন্টিনার আক্রমণের সুনামিকে একাই প্রবালপ্রাচীর তুলে ঠেকিয়েছেন ডেভিড ওসপিনা। প্রথমার্ধে তাঁর জোড়া সেভ তো চোখে লেগে থাকবে অনেক দিন। পাস্তোরের ক্রস থেকে আগুয়েরোর শট রুখে দেন বাঁ পায়ে, ফিরতি বলটা চিলের মতো দৌড়ে এসে হেড করেন লিওনেল মেসি। বলটা জালে ঢুকতে যাওয়ার মুখে ওসপিনা বলটিকে ঠেকিয়ে দিলেন লাইন থেকে। দ্বিতীয়ার্ধে ওটামেন্ডির দুর্দান্ত একটা হেডও ফিরিয়ে নিশ্চিত গোল বাঁচিয়েছেন।
কিন্তু পুরো ৯০ মিনিটে যাঁকে তেমন কিছু করতে হয়নি, নায়ক সেই রোমেরোই। টাইব্রেকারে একমাত্র সেভটি করেছেন আর্জেন্টিনার গোলরক্ষকই। প্রথম ছয়টি কিকেই গোল হয়েছে। আর্জেন্টিনার মেসি, গ্যারাই, বানেগা গোল পেয়েছেন, ওদিকে কলম্বিয়ার রদ্রিগেজ, ফ্যালকাও, কুয়াদ্রাদোও হতাশ করেননি। এরপর কলম্বিয়ার মুরিয়েল মারেন বাইরে, লাভেজ্জি পান গোল। কলম্বিয়ার কারদোনার গোলের পর আর্জেন্টিনার লুকাস বিলিয়ার সামনে নায়ক হওয়ার সুযোগ।
কিন্তু বিলিয়া মারলেন বাইরে। সাডেন ডেথে জুনিগার ব্যর্থতার পর রোহোর কিকও লাগে ক্রসবারে। এরপর তেভেজের সেই কিক। যে ওসপিনাকে প্রথম ৯০ মিনিটে অতিমানব মনে হয়েছিল, এই কিকটি রুখতে না পেরে প্রমাণ করলেন তিনিও মানুষ।
ওসপিনার অতিমানব হয়ে ওঠা কলম্বিয়ার খোলসে ঢুকে যাওয়ার জন্যই। নির্ধারিত সময়ে নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত ছিল কলম্বিয়া। রদ্রিগেজ, কুয়াদ্রাদোরাও নিচে নেমে রক্ষণ সামলেছেন। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর দাবির সঙ্গে দ্বিমত করার উপায় নেই, ‘প্রথম ৯০ মিনিটে আমাদেরই দাপট ছিল। আমার মনে হয় আমাদের প্রেসিং ওদের নির্বিষ করে রেখেছিল। কর্নার থেকে একটা হেড ছাড়া কলম্বিয়া সে রকম কোনো সুযোগও পেয়েছে বলে তো মনে করতে পারছি না।’ কৃতিত্ব দিচ্ছেন কলম্বিয়ান গোলরক্ষকেও, ‘ওসপিনা একাই খেলেছে, তবে এ রকম ম্যাচ আমরা আগেও দেখেছি। কখনো কখনো দাপট দেখালেও আপনি সেটার ফল পাবেন না। আমি তো ভাবতেই পারছি না হেরে গেলে আমরা এখানে এভাবে কথা বলতাম!’
হেরে গেলে হয়তো খানিকটা দোষ রেফারিকেও দিতেন মার্টিনো। মেক্সিকান রেফারি রবার্তো গার্সিয়া প্রথমার্ধে ছয়বার হলুদ কার্ড দেখিয়েছেন। অথচ দ্বিতীয়ার্ধে কী বিচিত্র কারণে কার্ডই যেন বের করতে চাইলেন না। নইলে কলম্বিয়াকে অন্তত দশজন নিয়ে ম্যাচ শেষ করতে হয়!
কলম্বিয়া কোচ হোসে পেকারম্যানও মানলেন, জয়টা আর্জেন্টিনারই প্রাপ্য ছিল, ‘আর্জেন্টিনা দারুণ খেলেছে, আমরা প্রথমার্ধে পাত্তাই পাইনি। দ্বিতীয়ার্ধে একটু উন্নতি হয়েছে, তারপরও ওরা অনেক ভালো খেলেছে।’
তবে মার্টিনো সেমিফাইনালে আরও ক্ষুরধার দল চাইবেন। সেখানে যে প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল! কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিল শেষ চারে যেতে পেরেছে নাকি প্যারাগুয়েই আর্জিন্টিনার প্রতিপক্ষ হয়েছে, এরই মধ্যে তা হয়তো জেনে গেছেন আপনি। এএফপি, গোলডটকম।