বার্সেলোনা এই মৌসুমে ট্রেবল জিতবে। লিগ, চ্যাম্পিয়নস লিগ আর কোপা দেল রে—তিন শিরোপাই যাবে ক্যাম্প ন্যুতে।
বর্তমান পরিস্থিতিতে এ কথা কেউ বললে তাঁকে অনেকেই নিছক পাগল বলে ঠাওরাবেন। মাঠে যে দলের হাঁসফাঁস অবস্থা, মাঠের বাইরে যে দলের অবস্থা তথৈবচ, সে দল কী করে ট্রেবল জেতার স্বপ্ন দেখে? এমনকি রোনাল্ড কোমানকে ছাঁটাই করার পর পিকে-বুসকেতসদের দেখভাল করার জন্য স্থায়ী কোনো কোচও নেই এখন। লিগে দশ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র চারটায়। চ্যাম্পিয়নস লিগেও প্রথম দুই ম্যাচ হেরেছে। এ অবস্থায় কীভাবে বার্সেলোনা ট্রেবল জিতবে?
কিন্তু আশা করতে তো দোষ নেই। আর আশা এমন এক জিনিস, যাতে কোনো লাগাম দেওয়া থাকে না। এমনই লাগামহীন এক স্বপ্ন দেখছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ত। জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা এবার ট্রেবল জিতবে।
লিগ, চ্যাম্পিয়নস লিগ আর কোপা দেল রে—প্রতিটি শিরোপাই শোভা পাবে ফাতি-ডি ইয়ংদের হাতে। স্প্যানিশ সংবাদমাধ্যম এক কনফিদেন্সিয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বার্সেলোনা লিগ, চ্যাম্পিয়নস লিগ আর কোপা দেল রে জিতবে। কারণ, প্রথম দুই প্রতিযোগিতার অনেক ম্যাচ বাকি আছে, আর শেষের প্রতিযোগিতাটি এখনো শুরুই হয়নি।’
২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি ছিলেন হোয়ান গাসপার্ত। বলা হয়, ক্লাবের ইতিহাসের অন্যতম বাজে সভাপতি তিনি।
তাঁর সময়েই পর্তুগিজ তারকা লুইস ফিগো বার্সেলোনা ছেড়ে সরাসরি পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। ফিগোর বিনিময়ে বার্সেলোনা অঢেল অর্থ পেলেও সে টাকা ঠিকমতো খরচ করতে পারেননি গাসপার্ত। মার্ক ওভারমার্স, ইমানুয়েল পেতিত ও জেরার্দ লোপেজের মতো এমন কিছু খেলোয়াড়ের পেছনে সে অর্থ ব্যয় করা হয়েছিল, বার্সেলোনাকে যাঁরা উল্লেখযোগ্য তেমন কোনো সাফল্য এনে দিতে পারেননি।
২০০৩ সালে গাসপার্ত যখন সভাপতির পদ থেকে ইস্তফা দেন, বার্সেলোনা তখন রীতিমতো অবনমন এড়ানোর জন্য লড়ছে। গাসপার্তের পর বার্সেলোনার সভাপতির দায়িত্বে আসেন হোয়ান লাপোর্তা, যিনি আবার বার্সার সভাপতির দায়িত্বে ফিরেছেন দ্বিতীয় মেয়াদে।
তবে গাসপার্ত বেশ ভালোই বোঝেন, নিজের এই মতামত ভুলও হতে পারে, ‘আমি জানি আমি ভুল হতে পারি, কিন্তু জীবনে ইতিবাচকতা না থাকলে তো মানুষ অখুশি হয়ে যায়। আমি ফুটবলে এর চেয়েও বাজে অবস্থা দেখেছি। আশা করব, আমরা ভবিষ্যতে আবারও ঘুরে দাঁড়াব। শিরোপা জেতা সহজ কিছু নয়।’