এবার দেশকে জেতালেন ইব্রাহিমোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরো বাছাইয়ে টানা নয় ম্যাচে গোল পেলেন ইব্রাহিমোভিচ। ছবি: এএফপি।
ইউরো বাছাইয়ে টানা নয় ম্যাচে গোল পেলেন ইব্রাহিমোভিচ। ছবি: এএফপি।

ইউরো বাছাইপর্বে গোল করার নিয়মিত অভ্যেসটা ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও ধরে রাখলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। গত নয় ম্যাচের নয়টিতেই গোল করেছেন এই সুইডিশ তারকা। কালকের গোলটি পেনাল্টি থেকে হলেও তাঁর এই পেনাল্টি গোলই গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে ডেনমার্কের বিপক্ষে ইউরো বাছাইপর্বের প্লে অফের প্রথম লেগে সুইডেনের ২-১ গোলের বিজয়ে।
প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে এমিল ফোরসবার্গের প্রথম আন্তর্জাতিক গোলে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সুইডেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। খেলা শেষ হওয়ার ১০ মিনিট বাকি থাকতে ডেনমার্কের পক্ষে গুরুত্বপূর্ণ এক ‘অ্যাওয়ে’ গোলে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন নিকোলাই জর্গেনসেন।
খেলার শুরুতে অবশ্য ডেনমার্কেরই আধিপত্য ছিল। প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করে শুরু হওয়া এই ম্যাচে অবশ্য প্রথম গোলের সুযোগটা তৈরি করেছিল সুইডেনই। ১৮ মিনিটে মার্কোস বার্গের বাঁ পায়ের নিচু শটটি বেশ কষ্ট করেই ফেরান ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল। ৩০ মিনিটের সময় ইব্রাহিমোভিচের একটি দারুণ পাস থেকেও গোলের সুযোগ নষ্ট করেন বার্গ। কাছাকাছি সময়ে ডেনমার্কের নিকোলাস বেন্ডটনার একটি গোলের সুযোগ নষ্ট করেন। ক্রিস্টিয়ান এরিকসনের পাস থেকে গোলের খুব কাছে বল পেয়েও তিনি সুযোগটি নষ্ট করেন।
প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোল পায় সুইডেন। মিকেল লুসটিগের ডান প্রান্ত থেকে বাড়ানো এক পাস থেকে গোল করেন ফোরসবার্গ। এর পর মুহূর্তেই ইব্রাহিমোভিচের ফ্রিকিক কোনোমতে রক্ষা করেন ডেনিশ গোলরক্ষক। ম্যাচের ৫০ মিনিটে ইব্রাহিমোভিচের পেনাল্টি থেকে ২-০ গোলে এগিয়ে যায় সুইডেন। এর মাধ্যমে ডেনিশদের বিপক্ষে টানা সাত ম্যাচ পর গোলের দেখা পেলেন পিএসজি তারকা।
খেলা শেষ হওয়ার ১০ মিনিটে আগে ম্যাচে উত্তেজনা ফেরান নিকোলাই জর্গেনসেন। এরিকসনের কর্নার থেকে ইউসুফ পোলসেনের ফ্লিককে গোলে পরিণত করতে ভুল করেননি জর্গেনসেন। গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ে গোলে আগামী মঙ্গলবার কোপেনহেগেনে অনুষ্ঠেয় ম্যাচটিকে হোম ম্যাচে এখন আশার আলো দেখছে ডেনমার্ক। সূত্র: এএফপি।