এবার দেশের বাইরে 'দাদাগিরি' করুক আবাহনী

>পাঁচবার এএফসি প্রেসিডেন্টস কাপ ও দুবার এএফসি কাপে খেলে একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি আবাহনী। তবে এবার এএফসি কাপ নিয়ে আশার কথা শুনিয়েছেন আবাহনী কোচ।
ঘরোয়া ফুটবলে দোর্দণ্ড প্রতাপ আবাহনী লিমিটেডের। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে গেলেই ফুটে উঠে তাদের দুর্দশা। পাঁচবার এএফসি প্রেসিডেন্টস কাপ ও দুইবার এএফসি কাপে খেলে একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি বাংলাদেশের এ ঐতিহ্যবাহী ক্লাব। আরও একটি এএফসি কাপের সামনে দাঁড়িয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আশার কথা, এবার এএফসি কাপ নিয়ে বেশ সতর্ক আবাহনী।
এবার লড়াই করব—প্রতিবার এএফসি কাপের আগে এ রেকর্ডই বাজিয়েছে আবাহনী। কিন্তু অভিযোগ আছে, এ টুর্নামেন্টকে কখনোই গুরুত্ব দেয় না তারা। ‘অংশগ্রহণই বড় কথা’—এ নীতিতেই যেন আবাহনী টুর্নামেন্টে অংশ নেয়। অতীতের পারফরম্যান্স ও শরীরী ভাষা তা-ই বলে। এত দিন এশীয় কোটার খেলোয়াড় না নিয়েই খেলেছে আবাহনী। এবার দ্বিতীয় বারের মতো এশীয় কোটায় একজন খেলোয়াড় খেলাবে তারা। এ কোটায় খেলবেন আফগানিস্তানের ডিফেন্ডার মাশি সাইগানি। টুর্নামেন্ট সামনে রেখে নতুন নেওয়া হয়েছে ব্রাজিলিয়ান ওয়েলিংটন প্রিওরিকে। আজ আবাহনীর সংবাদ সম্মেলনেও বোঝা গেল, এবার আর শুধুই অংশ নিতে নয়, টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যয় তাদের। আবাহনী এবার টুর্নামেন্ট নিয়ে সত্যিই ‘সিরিয়াস’।
বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালের মানাং মার্সিয়াংদি বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আবাহনীর এএফসি কাপ মিশন। আগামীকাল সকালে রওনা দেবে তারা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে আবাহনীর অতীত ব্যর্থতা। এবারও কি হবে তার পুনরাবৃত্তি? দলের পর্তুগিজ কোচ মারিও লেমস আত্মবিশ্বাসী কণ্ঠে দ্বিতীয় পর্বে খেলার কথাই বললেন, ‘জানি, নেপালের দলটি কেমন। আমরা অনুশীলন করেছি সেভাবেই। প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য জয়। এবার আমাদের ভালো সুযোগ আছে।’
আবাহনীকে ম্যাচটি খেলতে হবে কৃত্রিম ঘাসের মাঠে। গত এক সপ্তাহ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করেছে আবাহনী। আর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে নেপালে যাচ্ছেও তিন দিন আগে। সব মিলিয়ে ভালো কিছুর আভাস। দলটিও আগের চেয়ে অনেকে গোছানো বলে দাবি অধিনায়ক শহিদুল আলম সোহেলের, ‘আগের দুইবারের চেয়ে এবার আমাদের এবারের দলটি শক্তিশালী। আমরা ৩ পয়েন্ট নিয়ে ফিরতে চাই।’
তবে আকাশি-নীল সমর্থকদের জন্য খারাপ খবর হলো চোটে পড়ে দলের সঙ্গে যেতে পারছেন না গুরুত্বপূর্ণ সেন্টারব্যাক তপু বর্মণ। এএফসি কাপের গ্রুপপর্বে দক্ষিণ এশিয়ার চার ক্লাব খেলছে ‘ই’ গ্রুপে। আবাহনীর সঙ্গে আছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব এবং ভারতের মিনার্ভা পাঞ্জাব ও চেন্নাইন এএফসি। একটি দল যেতে পারবে দ্বিতীয় পর্বে।