এবার দ্রগবারও বিদায়
লাম, জেরার্ড, জাভি...আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়াদের তালিকাটা ক্রমেই বড় হচ্ছে। সেটিতে কাল নাম লেখালেন দিদিয়ের দ্রগবাও। আর কখনো আইভরিকোস্টের জার্সিতে দেখা যাবে না ৩৬ বছর বয়সী স্ট্রাইকারকে।
আইভরিকোস্ট বললেই দ্রগবার নামটা চলে আসে। আফ্রিকার দেশটির ফুটবলের ঝান্ডা সবচেয়ে উঁচুতে উড়িয়েছেন চেলসি স্ট্রাইকারই। কিন্তু ক্লাব ক্যারিয়ারে সময় দেওয়ার জন্য এবার জাতীয় দলের জার্সিটা তুলে রাখলেন। দ্রগবার ওয়েবসাইটে দেওয়া বার্তায় আবেগ-স্মৃতিকাতরতা মিশে একাকার, ‘জাতীয় দলে গত ১২ বছর ছিল আবেগে পরিপূর্ণ। প্রথম যেবার ডাক পেয়েছিলাম, সেদিন থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আট বছর এই দলের অধিনায়ক হতে পেরে আমি দারুণ গর্বিত। দলের জন্য তিনটি বিশ্বকাপ ও দুটি আফ্রিকান নেশনস কাপে অবদান রাখতে পেরেও গর্বিত আমি।’ গোলডটকম।
২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে অভিষেক। দেশের হয়ে ১০৪ ম্যাচ খেলে রেকর্ড ৬৫ গোলও করেছেন দ্রগবা।