এবার নতুন রূপে ফুটবল লিগ
পেশাদার ফুটবল লিগের সাদামাটা চেহারাটা তাহলে এবার একটু ‘রঙিন’ হচ্ছে!
বাফুফের শীর্ষ কর্মকর্তাদের কথাবার্তায় অন্তত তেমনই আশাবাদ। আশার ভিত্তিটা গড়ছে সাইফ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে ১৫ বছরের স্বত্ব কিনেছে বাফুফের কাছ থেকে। এখন তারা আগামী পাঁচ বছরের জন্য পেশাদার লিগের স্বত্বও নিচ্ছে।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন কাল সে রকমই বললেন, ‘আমরা পাঁচ বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগটাও নিচ্ছি। এই লিগটাকে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় সবই আমরা করব।’ কীভাবে করবেন দিলেন সেই ব্যাখ্যাও, ‘ঢাকার বাইরে খেলা নিয়ে যাব। মাঠে দর্শক আনতে সব রকম প্রচারণাই চালাব। আশা করছি, শিগগিরই বাফুফের সঙ্গে কাগজ-কলমে চুক্তি হয়ে যাবে।’
জানা গেছে, প্রিমিয়ার লিগের স্বত্ব বাবদ প্রতিবছর সাইফ পাওয়ারটেক পাঁচ কোটি টাকা দেবে বাফুফেকে। গতবার ‘মান্যবরের’ কাছে মাত্র এক কোটি টাকায় লিগের স্পনসরশিপ বিক্রি ছিল বাফুফের ব্যর্থতা, এবার এক লাফে পাঁচ কোটি হওয়া মানে বড় অগ্রগতিই। তবে বছর বছর টাকার অঙ্ক একটু বাড়তে পারে। এসব নিয়ে চলছে আলোচনা।
বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী যেমন কাল বললেন, ‘পাঁচ বছরে পাঁচ কোটি টাকা করে কথা হয়েছে। সবকিছু মোটামুটি পাকা। স্পনসর চায় ঢাকার বাইরে খেলাটাকে বেশি করে নিয়ে যেতে। আমরাও সেটিই চাই। এবার লিগের ভেন্যু বাড়বে এবং আকর্ষণীয় হবে।’
শোনা যাচ্ছিল, সাইফ পাওয়ারটেক বাফুফের একাডেমির স্বত্ব নিতে চায়, কিন্তু একাডেমি লম্বা সময়ের জন্য পেতে সরকারি অনুমোদন লাগবে, এ কারণেই ওই প্রক্রিয়াটা আপাতত থমকে আছে। এই ফাঁকে লিগ নিয়ে কথাবার্তা এগিয়েছে। প্রতিষ্ঠানটি মূলত আগামী বছর থেকে প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। তবে এ বছরের শেষ দিকে যেহেতু বাংলাদেশ সুপার লিগ অর্থাৎ বিএসএল হবে, সেটার প্রস্তুতি হিসেবে এবারই লিগের সঙ্গে যুক্ত হচ্ছে তারা।
বিসিএলের সঙ্গে জুলাইয়ে শুরু প্রিমিয়ার লিগের যোগসূত্র গড়ে দিচ্ছে ভেন্যু। বিএসএল কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, বিএসএল হবে আটটি ভেন্যুতে। সেই ভেন্যুগুলোতেই প্রিমিয়ার লিগের ম্যাচ করা হবে। ফলে ভেন্যুগুলো বিএসএলের আগেই তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে ঢাকার ও চট্টগ্রামের সঙ্গে সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, খুলনা বা গোপালগঞ্জ আছে বিবেচনায়। ভেন্যু সংস্কারের ব্যাপারে ২২ মে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সভা আছে বাফুফে ও বিএসএল কর্তৃপক্ষের।
বিএসএলের প্রস্তুতি হিসেবে দুটি মাঠ থেকে একই সময়ে খেলা সরাসরি সম্প্রচার করতে ২৪ সেট ক্যামেরা কিনছে সাইফ পাওয়ারটেক। দুটি মাঠে ব্যবহার করার মতো ডিজিটাল বিলবোর্ড আনা হচ্ছে জার্মানি থেকে। একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারে আইপিএলের দল কেকেআরের স্পনসর প্রতিষ্ঠান। বিএসএলের দূত হিসেবে ডিয়েগো ম্যারাডোনার জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার কথা হয়েছিল। তবে সেটি পিছিয়ে দিয়ে আরও আঁটসাঁট প্রস্তুতি নিয়েই ম্যারাডোনাকে আনার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ম্যারাডোনা আসা মানে শুধু বিএসএল নয়, প্রিমিয়ার লিগের পালেও হাওয়া লাগা!