এবার নেইমারকে বর্ণবাদী আক্রমণ
স্বর্গে বসে নেলসন ম্যান্ডেলাও হয়তো আক্ষেপ করছেন। দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট বর্ণবাদের বিরুদ্ধে তাঁর লড়াইটা জিতেছিলেন, কিন্তু লড়াইটা যে এখনো পুরোপুরি শেষ হয়নি! একবিংশ শতাব্দীতে এসেও এখনো সাদা-কালোর বিভেদটা রয়ে গেছে। যার প্রমাণ নিয়মিতই পাওয়া যাচ্ছে ফুটবল মাঠে। ফিফার ‘বর্ণবাদকে না বলুন’ স্লোগানটিকে বুড়ো আঙুল দেখিয়ে খেলোয়াড়দের উদ্দেশে দর্শকদের বর্ণবাদী মন্তব্য কিংবা অঙ্গভঙ্গি চলছেই, যা থেকে রেহাই পাচ্ছেন না বিশ্বসেরা ফুটবলাররাও।
ফুটবল মাঠে বর্ণবাদী আচরণের সর্বশেষ ঘটনাটি ঘটেছে বার্সেলোনা-এসপানিওল ম্যাচে। গোলশূন্য ম্যাচটিতে বার্সেলোনা ফরোয়ার্ড নেইমারের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেছেন এসপানিওল সমর্থকেরা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিংবা লা লিগা কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বার্সার খেলোয়াড় ও স্প্যানিশ সাংবাদিকেরাই সাক্ষ্য দিচ্ছেন এমন ঘটনার। ম্যাচের প্রথমার্ধে এসপানিওলের অর্ধে বল নিয়ে যাওয়ার সময় নেইমারকে লক্ষ্য করে বানরের ডাকের আওয়াজ করেছিলেন স্বাগতিক দর্শকেরা।
রেফারির প্রতিবেদনে অবশ্য ঘটনাটির কোনো উল্লেখ নেই। তবে বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা দাবি করেছেন, ম্যাচের প্রথমার্ধে, মাঠের একটা নির্দিষ্ট কোণ থেকে, একজন দর্শকের মুখে বর্ণবাদী শব্দ উচ্চারিত হয়েছে। স্প্যানিশ কয়েকজন সাংবাদিকও ম্যাচ চলার সময় ব্যাপারটিকে ‘লজ্জা’র বলে টুইট করেছেন।
বার্সা কোচ লুইস এনরিকে অবশ্য এটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, ‘খেলার বাইরে কোনো কিছু নিয়ে আমি মন্তব্য করতে চাই না। যদি বলি, তাহলে আমি সমালোচিত হব। যদিও না-ও বলি, তারপরও আমার সমালোচনা হবে।’ ডিফেন্ডার জেরার্ড পিকে অবশ্য ‘কূটনীতি’র ধার ধারেননি। সমর্থকেরা কী বলেছে সেটি শোনেননি জানিয়ে ম্যাচ শেষে বলেছেন, ‘এমন কিছু হয়ে থাকলে অবশ্যই শাস্তি দিতে হবে। সব এসপানিওল সমর্থকই দোষী নয়। তবে যারা করেছে, তাদের এক এক করে খুঁজে বের করতে হবে।’
নেইমারের পাশাপাশি এসপানিওল সমর্থকেরা ম্যাচজুড়ে উত্ত্যক্ত করে গেছেন লিওনেল মেসিকেও। স্প্যানিশ আদালতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে চলা কর ফাঁকির মামলার দিকে ইঙ্গিত করে ম্যাচজুড়েই গেয়ে গেছেন, ‘মেসি, মেসি, তোমার কর পরিশোধ করো।’ ইএসপিএন।