এবার নেইমারের চড়
মাঠে উল্টোপাল্টা কর্মকাণ্ডের জন্য সতীর্থ লুইস সুয়ারেজই আলোচনায় আসেন বেশি। কিন্তু পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে নেইমার জানান দিলেন, বিতর্কিত কাজে তিনিও কম যান না।
ন্যু ক্যাম্পে ভুলে যাওয়ার মতোই একটি রাত গেছে নেইমারের। মাঠের বাঁ প্রান্তে নিজের ছায়া হয়েই ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর পেছনে তাঁর নিজের দায় আছে, আবার ভ্যালেন্সিয়ার রাইটব্যাক আন্তনিও বারাগানেরও অবদান আছে। পুরো ম্যাচেই নেইমারকে কড়া নজরে রেখেছিলেন বারাগান। শেষ বাঁশির পর সতীর্থদের সঙ্গে জয় উদ্যাপনে একটু বাড়তি উচ্ছ্বাস দেখাচ্ছিলেন এই স্প্যানিশ
ডিফেন্ডার। এক দিকে দলের হার, তার ওপর প্রতিপক্ষের উল্লাস—নেইমারের দুঃখ, হতাশা আর ক্রোধ মিলে গেল এক বিন্দুতে। পেছন থেকে বারাগানের গালে চড় মেরে দেন নেইমার!
রেফারির চোখ এড়িয়ে গেছে বলে তাৎক্ষণিক কোনো শাস্তি পেতে হয়নি। কিন্তু ভিডিও ফুটেজে ঘটনাটি ধরা পড়ায় এখন শাস্তি পেতে হতে পারে নেইমারকে। কয়েক ম্যাচের নিষেধাজ্ঞাও জুটতে পারে তাঁর, হঠাৎ ফর্ম হারিয়ে বিপাকে পড়া বার্সেলোনার দুঃসময় শুধু লম্বাই হচ্ছে। সূত্র: গোলডটকম।