এবার পারবে আর্সেনাল?
‘রবার্ট, আর্সেনালকে হারানোর পরিকল্পনাটা কী আপনাদের?’
প্রশ্নকর্তা সাংবাদিক হয়তো কোনো রোমাঞ্চকর উত্তরের আশায়ই ছিলেন। হয়তো ভেবেছিলেন, রবার্ট লেভানডফস্কি বলে দেবেন, ‘আমরা এই করব, ওই করব।’ কোথায় কী! বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার দিলেন নীরস উত্তর, ‘আমরা আমাদের খেলাটা খেলব। মনে হয় না তাহলে আর্সেনালের খুব বেশি সম্ভাবনা থাকবে।’
সমস্যা হলো, ‘আমাদের খেলা’ ব্যাপারটার ব্যাখ্যা হাজার রকম হতে পারে। অবশ্য এর বাইরে কোনো নির্দিষ্ট পরিকল্পনা জানানোর কথাও নয় পোলিশ স্ট্রাইকারের। ম্যাচের আগে কে-ই বা তা জানিয়ে নিমন্ত্রণ দিয়ে বিপদ ডেকে আনে! বায়ার্ন আজ ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে কেমন খেলবে, সেটি দেখার জন্য তাই এখন একটাই উপায়—টিভির পর্দায় চোখ রাখা।
আর লেভানডফস্কির কথার ‘তাহলে আর্সেনালের খুব বেশি সম্ভাবনা থাকবে না’ অংশে যদি আত্মবিশ্বাসের সুর টের পেয়ে থাকেন, সেটিও খুব একটা ভুল হবে না। রেকর্ডই আত্মবিশ্বাস জোগাবে। সর্বশেষ ছয়বারই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বাদ পড়েছে আর্সেনাল, এর মধ্যে দুবার হেরেছে বায়ার্নের কাছে (২০১৩ ও ২০১৪)। এর আগে ২০০৫ চ্যাম্পিয়নস লিগেও ঘটেছে একই ব্যাপার। গত মৌসুমেও দুই দল মুখোমুখি হয়েছে গ্রুপ পর্বে, তাতে ঘরের মাঠে আর্সেনালকে ৫-১ গোলে হারায় বাভারিয়ানরা। আজ সেই ‘দুঃস্বপ্নে’রই পুনরাবৃত্তি, না ঘুরে দাঁড়াবে আর্সেনাল?
ফর্ম অবশ্য দুই দলের কাউকেই খুব বেশি এগিয়ে রাখছে না। শনিবার হাল সিটির বিপক্ষে জয়ের আগে লিগে আগের টানা দুই ম্যাচেই হেরেছে ওয়েঙ্গারের দল। বায়ার্ন অবশ্য লিগের শীর্ষে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ৭ পয়েন্টেও। কিন্তু সবচেয়ে ইতিবাচক মানসিকতার বায়ার্ন সমর্থকও আপনাকে বলবেন, কার্লো আনচেলত্তির প্রথম মৌসুমে এখনো ঠিক স্বভাবজাত সাবলীল ফুটবল খেলতে পারছে না বায়ার্ন! রয়টার্স, গোলডটকম।