এবার প্রশ্নবিদ্ধ খোদ বাফুফেই

মাঠের মাঝখানে কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। একটি নয়, তিন তিনটি সারি। এই মঞ্চগুলোর ওপরই বসবে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের নিয়ন্ত্রণ প্যানেল বোর্ড। যেখানে থাকবে ভারী ভারী সব ইলেকট্রনিক সরঞ্জাম।
মাঠের উত্তর দিকে তৈরি হচ্ছে আরেকটি বিশাল মঞ্চ। শ দুয়েক কর্মী রড, কাঠের টুকরো, হাতুড়ি-শাবল নিয়ে কাজ করছেন। কারও হাতে ওয়াকিটকি। মাঠের মাঝখানে ছড়ানো টেলিভিশনে অনুষ্ঠান সম্প্রচারের বিশাল আকারের সব বাক্স, অসংখ্য বৈদ্যুতিক তার এবং নানা যন্ত্রপাতি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে এলাহি কাণ্ড। উদ্দেশ্য—আগামীকাল বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) লোগো উন্মোচন অনুষ্ঠান ও কনসার্ট।
বিএসএল মাঠে গড়াবে অক্টোবর-নভেম্বরে। তবে প্রায় আট মাস আগে থেকেই এর ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে বিএসএলের আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্বত্বাধিকারী করপোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়াটেক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কনসার্ট করতে অনুমতি চেয়ে সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে লিখিত আবেদন করেছিল ঢাকা সিটি করপোরেশন। ওই সময় ‘ক্লিন ঢাকা কনসার্ট’ নামের অনুষ্ঠানটি আয়োজনের বিরোধিতা করেছিল খোদ বাফুফে। কিন্তু এবার খোদ বাফুফেই মাঠে মঞ্চ বানিয়ে কনসার্ট আয়োজনে সহযোগিতা করছে! যদিও বাফুফের সহসভাপতি বাদল রায় বলেছেন, মাঠের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু কাল স্টেডিয়ামে ঘুরে দেখা গেল, মাঠে নতুন বালি ফেলা হয়েছে, যেটি ঘাস গজানোর অন্তরায়। মাঠে সারাক্ষণ শ দুয়েক কর্মী হাঁটাহাঁটি করছে, বিভিন্ন জায়গায় কাঠের খুঁটি গাড়া হয়েছে। ইচ্ছামতো ঘাস মাড়ানো হচ্ছে। মাঠে হাঁটতে গেলে পা দেবে যাচ্ছে নরম কাদায়। এই মাঠেই কিন্তু ৮ মার্চ ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লের সঙ্গে এএফসি কাপের ম্যাচ খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বাফুফের মাঠ কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুলই স্টেডিয়ামে মঞ্চ তৈরির ব্যাপারে কিছু জানেন না, ‘মাননীয় প্রধানমন্ত্রীর মঞ্চটাও আমি বাইরে রেখেছিলাম। সিটি মেয়রের কনসার্ট প্রতিবাদ করে বন্ধ করেছি। কিন্তু এবার আমার কাছ থেকে কেউ কোনো অনুমতিই নেয়নি।’ ক্ষুব্ধ বাবুল যোগ করলেন, ‘ক্রিকেটের কনসার্টে যা ক্ষতি হয়নি, এবার তার চেয়েও বেশি ক্ষতি হবে। মাঠে যা করা হচ্ছে তাতে আগামী দুই বছরে ঘাস উঠবে না। বালুর মধ্যে কখনোই ঘাস হয় না। আমি মঞ্চ তৈরিটা আটকাতে পারলাম না বলে অত্যন্ত দুঃখিত। দেশ ও জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’