এবার ফুটবলেও চমকাবেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপ, গোটশে ও কাস্ট্রোর সঙ্গে অনুশীলনে ব্যস্ত বোল্ট। ছবি: রয়টার্স
ফিলিপ, গোটশে ও কাস্ট্রোর সঙ্গে অনুশীলনে ব্যস্ত বোল্ট। ছবি: রয়টার্স

বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ থাকলে অন্য কথা। তবে সিগনাল ইডুনা পার্কে শুধু অনুশীলনের দিন এমনিতে খুব একটা দর্শক হয় না। কিন্তু গতকাল জড়ো হয়েছিল দেড় হাজারেরও বেশি মানুষ। ভিড় করেছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের কর্মী, আলোকচিত্রী ও ক্যামেরা ক্রুরা। কারণ, এদিন বুন্দেসলিগার দলটির অনুশীলনে যোগ দিয়েছিলেন ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট!

ঘটনাটা অবশ্য হঠাৎ করে ঘটেনি। গত বছরই একরকম পরিকল্পনা করা ছিল বোল্টের। ট্র্যাক থেকে বিদায় নেওয়ার পর ফুটবলে যোগ দেবেন। তাঁর খেলা বদলের প্রক্রিয়াটা শুরু হবে ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করে। জ্যামাইকান কিংবদন্তির সেই নতুন শুরুটাই হলো কাল।

মারিও গোটশে এবং ইউলিয়ান ভাইগলের সঙ্গে যখন মাঠে প্রবেশ করেন, উচ্ছ্বসিত দর্শকেরা গলা ফাটিয়েছেন তাঁর নামে। কেউ কেউ মাঠে নিয়ে এসেছিলেন জ্যামাইকান পতাকাও। দুই দলে ভাগ হয়ে খেলার সময় বোল্ট যখন একজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে গেলেন সামনে, দর্শকদের সে কী উচ্ছ্বাস! পরে হেডে যখন একটা গোলও করলেন, সেই উল্লাস ‘গর্জন’ হয়ে গেল প্রায়। ফুটবলে কী করবেন বোল্ট, সেটি পরের কথা। কিন্তু ‘ফুটবলার বোল্টে’র প্রথম দর্শনে মুগ্ধ দর্শকেরা।
পেশাদার কোনো দলের সঙ্গে অবশ্য এটাই প্রথম অনুশীলন নয় বোল্টের। গত জানুয়ারিতেই দক্ষিণ আফ্রিকার দল মামেলোডি সানডাউনসের সঙ্গে অনুশীলন করেছেন। তবে লম্বা একটা সময় ধরে ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করবেন বোল্ট। ফুটবলার হওয়ার মতো যোগ্যতা তাঁর আছে কি না, সেটি দেখে নেবেন ডর্টমুন্ডের এই অনুশীলনে।

ডর্টমুন্ডের সঙ্গে বোল্টকে অনুশীলনের সুযোগটা করে দিয়েছে পিউমা। জার্মানির এই ক্রীড়া সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান জ্যামাইকান স্প্রিন্টারের পাশাপাশি ডর্টমুন্ডেরও পৃষ্ঠপোষক। বুন্দেসলিগার দলটির একজন সদস্য ক্লাবে যেসব সুযোগ-সুবিধা পান, বোল্টও সে সুযোগ-সুবিধা ভোগ করবেন। ডর্টমুন্ডের বিক্রয় ও বিপণন পরিচালক কারস্টেন ক্রেমার জানিয়েছেন, ‘আমরা ভালো আয়োজক হতে চাই। তাঁর যত্ন নেওয়ার চেষ্টা থাকবে আমাদের। যাতে তিনি বুঝতে পারেন, ডর্টমুন্ড একটা ক্লাবের চেয়েও বেশি কিছু।’

ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করলেও ফুটবলে বোল্টের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। যে ক্লাবের হয়ে খেলার ইচ্ছাটা আগেই জানিয়ে রেখেছেন গতিদানব। ওল্ড ট্রাফোর্ডের দলটির বর্তমান কোচ হোসে মরিনহোর দলের হয়ে পরশু বাসেলে ম্যারাডোনার দলের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচও খেলেছেন। আগামী ১০ জুন ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে একটি চ্যারিটি ম্যাচ খেলার জন্য সকার এইডের সঙ্গে চুক্তিও করেছেন। সব মিলিয়ে ছবিটি স্পষ্ট—ফুটবল নিয়ে জ্যামাইকান কিংবদন্তির ব্যাপক উৎসাহ। ফুটবলার হয়ে উঠতে সেটি তাঁকে কতটা সাহায্য করে, এখন এটাই দেখার।
তা হলো ফুটবল নিয়ে জ্যামাইকান কিংবদন্তির ব্যাপক উৎসাহ। ফুটবলার হয়ে উঠতে সেটি তাঁকে কতটা সাহায্য করে, এখন এটাই দেখার।