এবার বদলাবেন দুঙ্গা?
কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবলের (সিবিএফ) সভাপতি হোসে মারিয়া ম্যারিন নতুন কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন। পাশেই বসা ছিলেন তাঁর বন্ধু এবং সিবিএফের নতুন টেকনিক্যাল কো-অর্ডিনেটর গিলমার রিনালদি। দুজনের স্বাগত বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর মাইক্রোফোন গেল কার্লোস দুঙ্গার হাতে। দ্বিতীয় দফায় ব্রাজিলের দায়িত্ব পাওয়া কোচের প্রথম প্রতিক্রিয়া, ‘আবারও এ দায়িত্বটা পেয়ে আমি অত্যধিক আনন্দিত।’
দুঙ্গা আনন্দিত। খুশি সিবিএফের কর্তাব্যক্তিরাও। কিন্তু ব্রাজিল সমর্থকেরা কি খুশি তাঁর এই প্রত্যাবর্তনে? পরশু রিও ডি জেনিরোতে দুঙ্গাকে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণার পর এ প্রশ্নটাই ঘুরেফিরে আসছে। সিদ্ধান্তটা সঠিক হলো নাকি ভুল—বিতর্ক তৈরি হয়েছে সেটি নিয়েও।
প্রথম মেয়াদে দুঙ্গার অধীনে ব্রাজিল ৬০ ম্যাচের ৪২টিতে জিতলেও মন ভরানোর মতো ফুটবল কখনোই উপহার দিতে পারেনি। সৌন্দর্যপিপাসু ফুটবলপ্রেমীরা এ কারণেই খুব একটা পছন্দ করছেন না সিবিএফের সিদ্ধান্ত। প্রথম দফায় যখন ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন তখনো পেশাদার কোচিংয়ের খুব বেশি অভিজ্ঞতা ছিল না তাঁর। দ্বিতীয়বার তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রথমবারের সেই অভিজ্ঞতাটা দেখেই। এর মাঝে ২০১২ সালের অক্টোবরে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের দায়িত্ব পেয়েছিলেন। বছর না ঘুরতেই বরখাস্ত হয়েছেন নিদারুণ ব্যর্থতার জন্য। ইদানীং শোনা যাচ্ছিল দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ না খেলা একমাত্র দেশ ভেনেজুয়েলার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। সেই গুঞ্জনের সত্যতা প্রমাণের আগেই তাঁর হাতে তুলে দেওয়া হলো ব্রাজিলের দায়িত্ব!
দুঙ্গা অবশ্য এসব সমালোচনার ধার ধারেন না। দুই দশক আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে ব্রাজিলিয়ানদের যে ভালোবাসাটুকু পেয়েছিলেন সেটা শেষ হয়ে গেছে প্রথম দফায় কোচের দায়িত্ব নেওয়ার পরই। এরপর তিনি আর কখনোই ব্রাজিলিয়ানদের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেননি। এটা দুঙ্গা নিজেও জানেন। আর জানেন বলেই এসবে একেবারেই মাথা ঘামাতে চান না তিনি, ‘দেখুন, আমি চাই ২০ শতাংশ মানুষের সমর্থন। ওটা পেলেই আমি খুশি। ২০ শতাংশ মানুষ আমার সঙ্গে থাকলে আমি বাকি বাকিদের মন জয় করার শক্তি পাব।’
সাম্প্রতিককালে ইউরোপের ফুটবল পরাশক্তিদের চেয়ে ব্রাজিল অনেক পিছিয়ে পড়েছে বলে ধারণা তাঁর। এর কারণ বুঝতে নাকি তিনি ইউরোপের অনেক বাঘা বাঘা ফুটবলব্যক্তিত্বের শরণাপন্ন হয়েছিলেন। রুদ খুলিত, আর্সেন ওয়েঙ্গার, আরিগো সাচ্চি—সবাই নাকি দুঙ্গাকে ‘আধুনিক ফুটবলের’ পাঠ দিয়েছেন। এঁদের কাছ থেকে পাওয়া পরামর্শটাই এবার ব্রাজিলের কোচ হিসেবে কাজে লাগাতে চান দুঙ্গা, ‘এখনকার কোচরা এমনভাবে রক্ষণভাগ সাজান যাতে তারাও আক্রমণ করতে পারে। ফুটবল এখন অনেক বেশি দলীয় খেলা। এখানে সবাইকেই ভূমিকা রাখতে হয়।’
প্রথম দফায় দায়িত্ব পালনের সময় ব্রাজিলীয় সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কটা খুবই শীতল হয়ে গিয়েছিল তাঁর। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার শুরুতেই আভাস দিলেন ভেঙে যাওয়া সেই সম্পর্কটা নিজ উদ্যোগে মেরামত করার, ‘আপনারা আমাকে চেনেন। একটা মানুষ তার দর্শন, কাজের ধরন খুব সহজে বদলায় না। কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আমাকে একটু বদলাতে হবে।’
এই বদলটা সংবাদমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য। ব্রাজিলিয়ানরা অবশ্য চাইবে নিজের কোচিং-দর্শন বদলে যেন তিনি তাদেরও মন জয় করেন এবার। রয়টার্স, এএফপি।