এবার বললেন রোনালদোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

ফ্লোরেন্তিনো পেরেজ আশ্বস্ত করেছেন অনেক আগেই। কয়েক দিন আগে জিনেদিন জিদানও বলেছেন, তাঁর বিশ্বাস ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদেই থাকবেন। কিন্তু তাঁদের মুখ থেকে শোনা আর রোনালদোর নিজের মুখ থেকে শোনার মধ্যে পার্থক্য আছে না! রিয়াল সমর্থকদের সেই উৎকণ্ঠা এবার কিছুটা হলেও দূর হবে। কারণ, রোনালদো নিজেই আভাস দিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুতে থেকেই আরও ট্রফি জিততে চান।

রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছিল কর-সংক্রান্ত ঝামেলার কারণে। ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো—এই অভিযোগে গত মাসে তাঁর বিরুদ্ধে মামলা করে স্পেনের কর কর্তৃপক্ষ। নিজেকে সব সময়ই নির্দোষ দাবি করে আসা ৩২ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এতে বিরক্ত হয়ে রিয়াল ও স্পেন ছাড়ার পরিকল্পনা করছেন বলে খবর ছাপে পর্তুগিজ দৈনিক এ বোলা। যদিও এই গুঞ্জনের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজ বলে আসছেন, তাঁর বিশ্বাস রোনালদো রিয়ালেই থাকবেন। একই কথা কয়েক দিন আগে বলেছেন রিয়াল কোচ জিদানও। তারপরও অপেক্ষা ছিল রোনালদোর নিজের মুখ থেকে কিছু শোনার।

ছুটিতে থাকা পর্তুগিজ উইঙ্গার পরশু স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন, ‘ব্যক্তিগত অর্জনগুলোর মতোই গত মৌসুমে আমার ক্লাবের হয়ে বড় ট্রফিগুলো জেতা ছিল বিশাল কিছু। একই কাজ আবার করতে পারাটাও দারুণ ব্যাপার হবে।’

মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা রোনালদোর পরের কথাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। তাদের দাবি, ‘একই কাজ আবার করতে পারা’ বলতে রোনালদো বুঝিয়েছেন রিয়ালে থেকেই আরও বেশি দলগত ও ব্যক্তিগত ট্রফি জেতা। সাদা চোখে অবশ্য এটাকেই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা বলে মনে হয়।

এখন এর মাঝে অন্য কিছু আছে কি না, সেটাও কিন্তু রোনালদোই ভালো বলতে পারবেন। মার্কা, এএফপি।