এবার বাফুফের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন পরপরই সংবাদ সম্মেলন করছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। সংগঠনটি কদিন আগে বিসিবিতে অনিয়ম, দুর্নীতি হচ্ছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছিল। এরই ধারাবাহিকতায় গতকাল জাতীয় প্রেসক্লাবে ডাকল আরেকটি সংবাদ সম্মেলন। যেটির প্রতিপাদ্য বিষয়, ‘বাংলাদেশের ফুটবলে অব্যস্থাপনা, ব্যর্থতা ও আর্থিক অনিয়ম’।
মঞ্চে ছিলেন কয়েকজন ফুটবলার—জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড রুম্মন বিন ওয়ালি সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকীব, মাসুদ রানা, সাবেক গোলরক্ষক আমিনুল হক। সংগঠকদের মধ্যে ছিলেন বাফুফের সাবেক সহসভাপতি মনজুর হোসেন মালু, বিএনপি নেতা আবদুস সালাম, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমানসহ আরও অনেকেই।
আমিনুল এখনো খেলা ছাড়েননি। তার আগে এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়া প্রসঙ্গে বললেন, ‘খেলা ছাড়ব ছাড়ব অবস্থায় আছি। তা ছাড়া ফেডারেশনের বর্তমান কমিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। সে কারণেই কিছু কথা বলতে এসেছি।’ তাঁর ‘কিছু কথা’ ছিল, ‘তৃণমূল ফুটবল টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো মাঠে রাখতে না পারলে বাফুফে কর্মকর্তাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।’
বাফুফের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ। আয়োজকদের ভাষায়, আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজনে অনিয়ম, ডিএফএর জন্য আর্থিক বরাদ্দের একটা অংশের হদিস না পাওয়া, এক খাতের টাকা আরেক খাতে খরচ করা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের ‘ভিশন ২০২২’ও অবাস্তব ভাবনা বলে সমালোচনা করলেন বক্তারা।
প্রস্তাবিত বঙ্গবন্ধু কাপের দল আমন্ত্রণ জানাতে বিদেশ সফর বাবদ বাফুফের এক কর্মকর্তা নাকি ৩০ লাখ টাকা নিয়েছেন ফেডারেশন থেকে। কোন কর্মকর্তা সেটা বলা হয়নি। কোন দেশে গিয়েছেন, সেটিরও উল্লেখ নেই লিখিত বক্তব্যে। মোস্তাকুর রহমানের ব্যাখ্যা, ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়েই কথা বলছি আমরা।’