এবার বিদেশি কোচেরও মেলা
ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলারদের দাপট। এবার বিদেশি কোচদেরও দাপট চলবে। চট্টগ্রাম আবাহনী এরই মধ্যে স্লোভাকিয়ান জোসেফ প্যাভলিকের সঙ্গে চুক্তি করে ফেলেছে। ঢাকা আবাহনীও দু-এক দিনের মধ্যেই বিদেশি কোচ ঠিক করবে বলে জানা গেছে। ব্রাদার্স ইউনিয়নের প্রথম পছন্দ এখনো ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দিন। যদিও স্বাধীনতা কাপের জন্য স্থানীয় কোচেই ভরসা রাখতে চাইছেন কর্মকর্তারা। ফেনী সকারের ডাগ-আউটে এবারও কোচ হিসেবে প্রায় নিশ্চিত নাইজেরিয়ান লাডিবাবা লোলা।
গত মাসে হঠাৎ করেই চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব ছেড়ে দিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেন কোচ শফিকুল ইসলাম মানিক। এরপর থেকেই চট্টগ্রাম আবাহনী ভালো একজন বিদেশি কোচ আনার চেষ্টা করে আসছিল। অবশেষে স্লোভাকিয়া থেকে উড়িয়ে আনা হচ্ছে জোসেফ প্যাভলিককে। কাল চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন বলেছেন, ‘জোসেফ প্যাভলিকের সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। তিনি ১৫ মার্চ বাংলাদেশে আসবেন।’
বিদেশি কোচ তো আসছেনই, চারজন বিদেশি ফুটবলারকেও দেখা যাবে চট্টগ্রাম আবাহনীতে। এরই মধ্যে মরোক্কান মিডফিল্ডার মোহাম্মদ তারেক যোগ দিয়েছেন, হাইতিয়ান স্ট্রাইকার ফ্যাবিও নোয়েল আসবেন কয়েক দিনের মধ্যে। এ ছাড়া ইউরোপ থেকে আরও দুজন বিদেশি ফুটবলার আনছে ক্লাবটি।
ঢাকা আবাহনীর কোচের তালিকায় সাত-আটজন বিদেশি থাকলেও দুজনকে পছন্দ করে রেখেছেন কর্মকর্তারা। এঁদের একজন ক্রোয়েশিয়ান, অন্যজন সার্বিয়ান। গত মৌসুমে কাজ করে যাওয়া জর্জ কোটানকে বিবেচনায় রেখেছে আবাহনী। ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু অবশ্য নির্দিষ্ট করে কোনো কোচের নাম বলতে চাইলেন না, ‘আমরা কয়েকজনকে বাছাই করে রেখেছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট কমিটি। ৬ মার্চের মধ্যেই কোচ নিয়োগ চূড়ান্ত হয়ে যাবে।’
আবাহনীর ঘরের ছেলে বনে যাওয়া ঘানার সামাদ ইউসুফকে এবারও দেখা যাবে আকাশি-নীল জার্সিতে। নাইজেরিয়ার সানডে সিজোবাও আবাহনীতে খেলবেন। এ ছাড়া সেনেগাল থেকে একজন ভালো মানের স্ট্রাইকার আনার চেষ্টা করছে দেশের ঐতিহ্যবাহী দলটি।
ব্রাদার্স ম্যানেজার আমের খান বিদেশি কোচ নিয়ে আছেন দুশ্চিন্তায়, ‘ঘরোয়া ফুটবলের বর্ষপঞ্জি এখনো ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। কবে কোন খেলা হবে ঠিক নেই। এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। এভাবে ভালো মানের বিদেশি কোচ পাওয়া মুশকিল।’