এবার ব্ল্যাটারকে 'একনায়ক' বললেন ম্যারাডোনা

এর আগে ফিফাকে ‘মাফিয়া’ সংগঠন বলেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কোনো রাখঢাক না রেখেই আক্রমণ করেছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে। আর্জেন্টাইন কিংবদন্তি আবারও তোপ দাগলেন ব্ল্যাটারকে। এবার ফিফা সভাপতিকে ‘একনায়ক’ বললেন ছিয়াশির মহানায়ক!
এমনিতে ম্যারাডোনার জিবটা ছুরির মতো! যা মনে করেন, ফটাফট বলে ফেলেন। তার ওপর আবার ব্ল্যাটারের ওপর তিনি বেজায় খ্যাপা। এ কারণে কিছুদিন পরপরই ফিফা সভাপতিকে আক্রমণ করা যেন নিয়মে পরিণত করে ফেলেছেন। আগামী ২৯ মে ফিফা সভাপতির নির্বাচন, ব্ল্যাটার আরও একবার প্রার্থী। শুরুতেই বহু প্রতিদ্বন্দ্বীর অংশগ্রহণে জমজমাট লড়াইয়ের আভাস মিললেও প্রার্থী সংখ্যা কমে এখন দুইয়ে নেমে এসেছে। ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন।
গত মাসে ম্যারাডোনা বলেছিলেন ব্ল্যাটার নাকি ভোট কিনে সভাপতি হন! সর্বশেষ, দ্য টেলিগ্রাফকে আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন, ‘আমাদের মতো যারা ফুটবল নিয়ে গভীর চিন্তা করে, তাদের জন্য ব্ল্যাটারের অধীনে ফিফা পরিণত হয়েছে অসম্মানজনক, পীড়াদায়ক ও বিব্রতকর প্রতিষ্ঠানে। যদিও আমি দেখেছি প্রকাশ্যে কেউ তাঁকে সমর্থন করছে না। তবে অনেকেই ভাবছে পঞ্চমবারের মতো তিনি জিততে যাচ্ছেন। কেন? ২০১৫ সালে এসে পঞ্চম মেয়াদের ব্যাপারটাই অযৌক্তিক। কেউ বলবে না, এ কাজের জন্য তিনি উপযুক্ত, জয় তাঁর পাওনা। সম্প্রতি তিনি ফুটবলে বর্ণবাদ নিরসন ও মেয়েদের ফুটবলে উৎসাহিত করতে প্রতিশ্রুতি দিয়েছেন। শুনে হাসি পেয়েছে। আমার প্রশ্ন: সেপ গত চার মেয়াদে আপনি কী করেছেন? ’
এরপরই ব্ল্যাটারকে ‘একনায়ক’ বলে আক্রমণ ম্যারাডোনার, ‘আজীবন একনায়ক পেয়েছি আমরা। ব্ল্যাটারকে আমি বলব ‘‘বরফ মানব’’। কারণ, তাঁর মধ্যে প্রেরণা ও আবেগের ভীষণ অভাব, যেটা ফুটবলে খুব প্রয়োজন। এটাই যদি আন্তর্জাতিক ফুটবলের চেহারা হয়, তবে আমরা খুব খারাপ অবস্থায় আছি।’
জুরিখে অনুষ্ঠেয় শুক্রবারের নির্বাচনে বোঝা যাবে, আবারও ফিফার মসনদে ব্ল্যাটার বসতে যাচ্ছেন কিনা। তবে জিততে ফিফার ২০৯ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। ফিফা সভাপতি নির্বাচনে বরাবরের মতো এবারও ব্ল্যাটারের ভোট ব্যাংক আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনগুলো। তবে জোর বিরোধিতা করা হচ্ছে ইউরোপের ‘উয়েফা’ থেকে। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি তো বলেই দিয়েছেন তাঁর সমর্থন থাকবে আলি বিন আল হুসেইনের দিকে। এ ছাড়া সম্প্রতি নানা বিতর্কের বোঝা আছে ব্ল্যাটারের ঘাড়ে। তথ্যসূত্র: এএফপি।