এবার মাইক্রোবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকাল বাসে বাড়িফেরা আর স্কুল থেকে বহিষ্কারের হুমকির ঘটনায় বেশ ‘ঝড়ই’ বয়ে গিয়েছিল কলসিন্দুরের নারী ফুটবলারদের ওপর। সেই ঝড় সঙ্গী করেই কাল আবার ঢাকায় ফিরেছে অনূর্ধ্ব-১৬ নারী দলে খেলা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের ৯ ফুটবলার। তবে এবার আর লোকাল বাসে নয়, মাইক্রোবাসে ওরা ফিরেছে ঢাকায়।
সব নারী ফুটবলারকেই বিশেষ কোনো গাড়ি ভাড়া নিয়ে আসতে বলেছিল বাফুফে। সেই অনুযায়ী দুজন মেয়ে বাদে বাকিরা গাড়ি ভাড়া করে ঢাকায় ফেরার পর টাকা দিয়ে দেয় বাফুফে। সঙ্গে অভিভাবক আসাও বাধ্যতামূলক করে দেয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এবং সব মেয়েই অভিভাবকের সঙ্গে বিশেষ ব্যবস্থায় ঢাকা পৌঁছেছে।
ঈদের আগে বাড়ি আসার সময় মেয়েদের সঙ্গে কেউ ছিল না। এবার কলসিন্দুরের মেয়েদের সঙ্গী হলেন শিক্ষক মফিজ উদ্দিন। এই মাইক্রোবাস-যাত্রায় খুশি ফুটবলার মার্জিয়া, ‘মাইক্রোবাসে একটু খারাপ লেগেছে। তবে সুবিধা হচ্ছে বাড়ি থেকে একবার উঠে সোজা বাফুফেতে নামতে পেরেছি।’ তবে ঈদের আগে লোকাল বাসে যাওয়া নিয়ে একটা ব্যাখ্যা দিল আরেক ফুটবলার মারিয়া মান্ডা, ‘আমরা বেশির ভাগ সময় ট্রেনে ময়মনসিংহ-ঢাকা যাতায়াত করতাম। বাসে আমাদের সবারই কষ্ট হয়। নানা সময় খেলতে আমরা বিদেশে যাই। তখন বাসে চড়তে সমস্যা হয়। তাই বাসে চড়ার অভ্যাস করতেই ঈদের আগে আমরা বাসে করে বাড়ি ফিরি।’