এবার মাত্র এক গোল!
যে গ্রানাডা গতবার বার্নাব্যুতে এসে হেরেছিল ৯-১ গোলে, তাদের বিপক্ষে এবার মাত্র ১-০ গোলে জয়! আগেরবারের ওই গোলবন্যার কথা ভেবে একটু কি গা ছাড়া ভাব ছিল রিয়াল মাদ্রিদের? কোচ রাফায়েল বেনিতেজ তা মানছেন না। গত পরশু ম্যাচ শেষে বললেন, ‘রিয়াল মাদ্রিদ গ্রানাডাকে একদমই হালকাভাবে নেয়নি। ওরা গোছানো একটা দল, পাল্টা-আক্রমণেও ভালো। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমি এটা বলে এসেছি। আমার খেলোয়াড়দেরও গ্রানাডার শক্তিমত্তা সম্পর্কে সতর্ক করে দিয়েছি।’
বেনিতেজের এত সবিস্তার বলার কারণ আছে। গ্রানাডার কোচ র্যামন স্যান্ডোভাল যে তাঁর দলকে হেয় করে দেখার অভিযোগ তুলেছেন। বেনিতেজের কথাটা আসলে সেটিরই জবাব। তা স্যান্ডোভালের অভিযোগটা কী ছিল? বেনিতেজ সংবাদ সম্মেলনে আসার আগেই তিনি বলে গেছেন, ‘সবাই আমাদের হেয় করে দেখছিল, এমনকি রিয়াল মাদ্রিদও। ওদের ওয়েবসাইটে ওরা আমাদের বিপক্ষে কত গোল করবে, এ নিয়ে সমর্থকদের বাজি ধরতে বলা হয়েছিল। ওরা আমাদের প্রাপ্য সম্মান দেখায়নি। সপ্তাহজুড়ে ৯-১ নিয়ে এত কথার পর আমরা দারুণ একটা পারফরম্যান্স দেখাতে পেরেছি।’
অনুমিতভাবেই ম্যাচে আধিপত্য ছিল রিয়ালের। তিন-চারটি পরিষ্কার গোলের সুযোগও পেয়েছে তারা। তবে শেষ পর্যন্ত জয়সূচক গোলটি এসেছে এমন একজনের হেড থেকে, যাঁর রিয়াল ছেড়ে আর্সেনালে চলে যাওয়ার গুঞ্জন উঠেছিল। এই মৌসুমে চার ম্যাচ খেলে চারটিতেই গোল করলেন করিম বেনজেমা। কোচের বেঁধে দেওয়া ‘লক্ষ্যের’ দিকে জোর পায়েই ছুটছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। মৌসুমের আগেই যাঁর সামনে ‘২০ থেকে ২৫টি’ গোলের লক্ষ্য ঠিক করে দিয়েছেন বেনিতেজ।
ম্যাচটাকে অবশ্য বেনজেমার চেয়ে বেশি মনে রাখবেন কেইলর নাভাস। লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে গোলপোস্ট অক্ষত রেখে কোস্টারিকান গোলরক্ষক ছুঁয়ে ফেলেছেন পূর্বসূরি মিগুয়েল আনহেলের রেকর্ড। ১৯৭৫-৭৬ মৌসুমে আনহেল রিয়ালের হয়ে প্রথম চার ম্যাচে জালে বল ঢুকতে দেননি। অথচ নাভাসের এই মৌসুমে রিয়ালে থাকারই কথা ছিল না। ডেভিড ডি গিয়াকে দলে আনতে নাভাসকে ইউনাইটেডের কাছে প্রায় বিক্রি করেই দিয়েছিল রিয়াল।
পূর্বসূরি ইকার ক্যাসিয়াস রিয়ালে যেসব কীর্তি গড়েছেন, সেসব ছুঁতে হলে নাভাসকে অতিমানবীয় কিছুই করতে হবে। তবে একটা দিক দিয়ে তিনি ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাওয়ার খুব কাছে। ২০০৮-০৯ মৌসুমে ৪৬০ মিনিট রিয়ালের জালে বল ঢুকতে দেননি ‘সন্ত ইকার’, রিয়ালের হয়ে এটাই ক্যাসিয়াসের সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড। সেটা পেরিয়ে যেতে নাভাসকে বিলবাওয়ের সঙ্গে পরের ম্যাচে প্রথম ১০ মিনিট গোলপোস্ট সুরক্ষিত রাখতে পারলেই হবে। মার্কা, এএস।