এবার মিশন এএফসি কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমের শুরুতে ভুটানে কিংস কাপ জয়। এরপর ফেডারেশন কাপ এবং লিগ শিরোপা। সাফল্যে ভেসে চলা শেখ জামালের ফুটবলাররা তবু পা রাখছেন মাটিতেই
মৌসুমের শুরুতে ভুটানে কিংস কাপ জয়। এরপর ফেডারেশন কাপ এবং লিগ শিরোপা। সাফল্যে ভেসে চলা শেখ জামালের ফুটবলাররা তবু পা রাখছেন মাটিতেই

ল্যান্ডিং দারবোয়ে কক্ষে ঢুকতেই ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীর হাঁক, ‘অ্যাই মুরগি।’ গাম্বিয়ান ফরোয়ার্ড হেসে বাংলায় জবাব দিলেন, ‘অ্যাই মাছ।’ একটু পর নাসিরকে আবারও বললেন, ‘ইউ আর আ ফিশ।’ দুজনের খুনসুটি দেখে হেসে গড়াগড়ি মিডফিল্ডার আলমগীর কবির রানা।
বাইরে তখনো শ্রাবণের অঝোর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ফুল নিয়ে আসছেন শুভাকাঙ্ক্ষী আর সমর্থকেরা। ফুটবলারদের কক্ষে মিষ্টি খাওয়ার ধুম। অধিনায়ক মামুনুল ইসলামকে একটু পর পর মেটাতে হচ্ছে সেলফির আবদার।
আগের সন্ধ্যায় পেশাদার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতেছে শেখ জামাল। স্টেডিয়ামে শুরু হওয়া উল্লাসটা ক্লাবের উঠোনে থেমেছে রাতভর চলার পর। ডিজে পার্টির সঙ্গে নেচেছেন, গেয়েছেন ফুটবলার ও কর্মকর্তারা। খোদ ক্লাব সভাপতি মনজুর কাদেরই ফুটবলারদের সঙ্গে ব্যালে নাচ নেচেছেন! পরশু মাঠেই ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছিলেন। রাতের অনুষ্ঠানে ফুটবলারদের আবদারে সেটা বেড়ে হয়েছে ২০ লাখ। ক্লাবের দেয়ালে জ্বালানো জোনাকি বাতিগুলো খুলে নেওয়া হলো কাল দুপুরে।
মৌসুমের শুরুতে ভুটানে কিংস কাপ জয়। এরপর ফেডারেশন কাপ এবং কাঙ্ক্ষিত লিগ শিরোপা। সাফল্যে ভেসে চলা দলটির ফুটবলাররা তবু পা রাখছেন মাটিতেই। বাংলাদেশের ফুটবলের একমাত্র পেশাদার ক্লাবের ফুটবলাররা যেন কথাবার্তায়ও পুরো পেশাদার।
৮ আগস্ট এএফসি কাপের বাছাইয়ের প্লে-অফ খেলতে কিরগিজস্তান যাবে শেখ জামাল। ‘বি’ গ্রুপে ম্যাকাওয়ের সিএএসএ বেনফিকার সঙ্গে ১৩ আগস্ট প্রথম ম্যাচ। পরের ম্যাচ ১৫ আগস্ট; প্রতিপক্ষ কিরগিজ চ্যাম্পিয়ন এফসি আলগা।
দেশের বাইরে এর আগে নেপালে পোখারা কাপ, ভুটানে কিংস কাপে চ্যাম্পিয়ন হয়েছে জামাল। কলকাতায় আইএফএ শিল্ডে হয়েছে রানার্সআপ। এবার কিরগিজস্তানে গিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে উন্মুখ তারা। যদিও আক্রমণের ত্রিফলার অন্যতম ওয়েডসনকে এএফসি কাপে পাচ্ছে না শেখ জামাল। পরশু রাতেই যুক্তরাষ্ট্রের বিমানে চেপেছেন হাইতিয়ান ফরোয়ার্ড। ভিসা-জটিলতার কারণে একটু আগেই যুক্তরাষ্ট্র যেতে হয়েছে তাঁকে। ভিসা-সমস্যার সমাধান না হলে নিজের দেশেও ঢুকতে পারবেন না এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা (১৭টি)। এএফসি কাপে দুজনের বেশি বিদেশি খেলোয়াড় খেলানো যাবে না বলেই ওয়েডসনকে ছাড় দিয়েছে শেখ জামাল।
লিগ চ্যাম্পিয়ন হিসেবে কিরগিজস্তান যাওয়াটা মামুনুলের কাছে বড় এক প্রেরণা, ‘শেখ জামাল একই বছর তিনটি শিরোপা জিতল। এটা যেকোনো ক্লাবের জন্যই অনেক বড় ব্যাপার। তা ছাড়া আমরা লিগে বড় দুটি ম্যাচ খেলার আগেই চ্যাম্পিয়ন হয়েছি। এএফসি কাপে খেলতে যাওয়ার আগে আমাদের জন্য এটা অনেক অনুপ্রেরণার।’ দ্বিতীয় রাউন্ডে উঠতে চান মামুনুল, ‘ওখানে আমরা শুধু শেখ জামাল হিসেবেই যাব না। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব আমরা। নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারব।’