গ্রুপের নাম ‘ডি’ ওঠার পর মিগুয়েল অ্যাঙ্গেল গিল মারিনের অভিব্যক্তিটা ছিল দেখার মতো। নিছক মজা করেই, অ্যাটলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাতকে বন্দুকের মতো করে নিজের মাথায় গুলি করার ভঙ্গি করলেন। যেন ‘ডি’ গ্রুপে পড়ার চেয়ে মরে যাওয়াও ভালো ছিল। গ্রুপে যে আগেই জায়গা পেয়েছে বায়ার্ন মিউনিখ! পরে যোগ হয় পিএসভি আইন্দহফেন ও রাশিয়ার চমক এফসি রোস্তভও।
মোনাকোতে পরশু চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠল, ‘গ্রুপ অব ডেথ’ কোনটি? অ্যাটলেটিকো-বায়ার্নের গ্রুপের সঙ্গে এবার এই উপাধি পেতে প্রতিদ্বন্দ্বিতা হবে গ্রুপ ‘সি’র। এই গ্রুপে আছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, মনশেনগ্লাডবাখ ও সেল্টিক।
এই গ্রুপের আরেকটা আকর্ষণ পেপ গার্দিওলা। আরও একবার ‘ঘরে’ ফিরছেন ৪৫ বছর বয়সী স্প্যানিশ কোচ। দুই বছর আগেও ফিরেছিলেন সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখকে নিয়ে, সেবার জয় উপহার পাননি। সেমিফাইনালে ন্যু ক্যাম্পে হেরেছিলেন ৩-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৫-৩)। এবার হাসিমুখে ফিরতে পারবেন ম্যানচেস্টার সিটির কোচ? ইংল্যান্ডে প্রথম এসেই পড়লেন এমন কঠিন গ্রুপে!
চ্যাম্পিয়নস লিগে পাঁচ মৌসুমেই কঠিন গ্রুপে পড়া সিটির অবশ্য এত দিনে ব্যাপারটি সয়ে যাওয়ার কথা। অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি পরিচিত চিত্রনাট্য পেয়ে বরং অনুপ্রাণিতই হচ্ছেন, ‘আমাদের জন্য খুবই স্বাভাবিক ড্র। বরং এটাই ভালো। দেখাই যাক না।’
‘আঁতুড়ঘরে’ ফেরার গল্প আছে ‘এফ’ গ্রুপেও, ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে তাঁর শৈশবের ক্লাব স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের। তবে আবেগ ছাপিয়ে ফুটবলপ্রেমীদের দৃষ্টি গ্রুপের অন্য দলটির দিকে, বরুসিয়া ডর্টমুন্ড। তিন বছর আগে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছিল ডর্টমুন্ড, পরের বছরই কোয়ার্টার ফাইনালে যার শোধ নেয় স্প্যানিশ ক্লাবটি (৩-২)। এবারও ক্লাব দুটির ম্যাচ আগেই সমর্থকদের জিভে জল এনে দিচ্ছে। উচ্ছ্বসিত ডর্টমুন্ড কোচ টমাস টুখেলও, ‘আকর্ষণীয় একটা গ্রুপে পড়েছি। কঠিন, তবে মজার। রিয়ালের সঙ্গে ম্যাচগুলো তো ডর্টমুন্ডের জন্য ক্ল্যাসিক হয়ে যাচ্ছে।’
গত বছর সেমিফাইনালে বায়ার্নকে হারিয়ে দিয়েছিল অ্যাটলেটিকো। এবারও সামনে অ্যাটলেটিকো, গ্রুপও কঠিন। যা দেখে বাভারিয়ান ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তির উপলব্ধি, ‘অনেক কঠিন গ্রুপ এটা। আমাদের সতর্ক থাকতে হবে।’
তবে এই ড্রতে খুশি হওয়ার কথা লেস্টার সিটির। পোর্তো, ব্রুগে, কোপেনহেগেনের গ্রুপ থেকে গত মৌসুমে প্রিমিয়ার লিগে রূপকথা লেখা দলটির নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখছেন সবাই। যদিও কোচ ক্লদিও রানিয়েরি এখানেও স্বভাবগতভাবে ‘রক্ষণাত্মক’, ‘আবারও বলছি আমরা আন্ডারডগ। এ জন্যই আমাদের সবকিছু দিয়ে লড়তে হবে।’
ইউরোপ-সেরা প্রতিযোগিতায় কোনো দলেরই অবশ্য তা না করে উপায় নেই। এএফপি।