এবার মেয়েদের মিশন সাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আমেজের মধ্যেই আবার বল পায়ে নেমে পড়তে হচ্ছে কৃষ্ণা-সানজিদাদের। না, প্রতিযোগিতার মঞ্চে নয়, নভেম্বরে জাতীয় দলের সাফ টুর্নামেন্টের প্রস্তুতি এটি। আর সেই প্রস্তুতির অংশ হতে আপাতত অনূর্ধ্ব-১৬ দলের ২৩ জনকেই ডাকা হয়েছে ক্যাম্পে। আজ দুপুরে মেয়েদের রিপোর্টিং বাফুফে ভবনে।
প্রায় তিন মাস থাকার প্রস্তুতি নিয়েই আসতে হচ্ছে মেয়েদের। তবে ঈদের আগে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া এই মেয়েদের আসলে আগামী বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে চূড়ান্ত পর্ব পর্যন্ত দীর্ঘ মেয়াদে ক্যাম্পে থাকতে হবে। সেই মানসিক প্রস্তুতি নিয়েই ওরা আসছে। ময়মনসিংহের কলসিন্দুরের ৯ নারী ফুটবলার সঙ্গে আনছে তিক্ত অভিজ্ঞতাও। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে বিড়ম্বনায় পড়েছিল ওরা। সহযাত্রীদের কটুকাটব্য শুনেছে লোকাল বাসে।
এ ঘটনায় আজ মেয়েদের নিয়ে সংবাদ সম্মেলন করবে বলেছিল বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত বাফুফে সেটা করছে না। আগামীকাল মেয়েদের সংবর্ধনা দিতে চেয়েছিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন, ওটাও আপাতত স্থগিত। বাফুফে কবে সংবর্ধনা দেবে, সেটিও ঠিক হয়নি।
তবে মেয়েদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে আজ ফেডারেশনের জরুরি সভা ডাকা হয়েছে। এ সভায় আলোচনায় আসবে, আগামী এক বছর কীভাবে ক্যাম্প চলবে, বিদেশি ট্রেনার ও পুষ্টিবিদ কবে আনা হবে। মেয়েদের মাসিক বেতন দেওয়ার চিন্তা আছে, বিদেশে অনুশীলন ম্যাচ খেলা কবে, কখন। তাদের পড়াশোনা কী হবে, এসব বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্ব সামনে রেখে বাফুফের বিশ্বাস, ভালো পরিকল্পনা নিলে ভালো ফল আসবে। চূড়ান্ত পর্বে এশিয়ার সেরা আটের ওই প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলোর সঙ্গে খেলবে; যা বিরাট এক সুযোগ।
তবে সামনে যখন সাফ, আপাতত তা নিয়েই ভাবছেন কোচ গোলাম রব্বানী ছোটন। বয়সভিত্তিক ফুটবলে তাঁর হাত ধরে সাফল্য এলেও জাতীয় দল এখনো সাফের ফাইনালেই খেলতে পারেনি। সেরা সাফল্য তৃতীয় হওয়া। এ অঞ্চলে ভারতের জাতীয় দল বেশ শক্তিশালী, তাদের সঙ্গে টক্কর দেওয়া কঠিন।
গোলাম রব্বানীও সেটাই বলছেন, ‘ভারত খুবই শক্তিশালী দল। নেপালও ভালো। তাই সাফ বরাবরের মতো চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য।’ তবে মেয়েদের ওপর তাঁর আস্থা আছে। বিশ্বাস করেন, এরা ভালো কিছু করতে পারবে। সাফের ক্যাম্পে এই মেয়েদের সঙ্গে শিগগিরই যোগ হবেন জাতীয় দলের জ্যেষ্ঠ খেলোয়াড়েরাও।