এবার রুমেনিগেকে খোঁচা মরিনহোর

কথার লড়াইটা শুরু হয়েছিল বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে নিয়ে। এ মৌসুমে শোয়েনস্টাইগারকে একাদশে রাখতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। সেটার প্রতিক্রিয়ার শোয়েনস্টাইগারের সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে কড়া সমালোচনাই করেছিলেন মরিনহোর। যে সমালোচনার জবাব দিতে দেরি করেননি মরিনহোও। এত দরদ থাকলে কেন বায়ার্ন শোয়েনস্টাইগারকে আবার ফেরত নিয়ে যাচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন ইউনাইটেড কোচ।
গত মৌসুমে বায়ার্ন ছেড়ে ইউনাইটেডে পাড়ি জমান শোয়েনস্টাইগার। তবে রেড ডেভিলসদের হয়ে বেশি খেলার সুযোগ পাননি। সব ধরনের প্রতিযোগিতা মিলে মোটে ১৮টি ম্যাচ খেলেছেন। এ মৌসুমেও যে তাঁকে খেলার সুযোগ খুব একটা দিতে পারবেন না তা ইতিমধ্যেই বলে দিয়েছেন ইউনাইটেডের নতুন কোচ মরিনহো। যেটি শুনে শোয়েনস্টাইগারের সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছিলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না ওর সঙ্গে এ রকম করা হচ্ছে। বায়ার্নে কখনো এ রকম কিছু ঘটেনি।’ রুমেনিগের সঙ্গে সুর মিলিয়ে সাবেক বায়ার্ন কোচ ওটমার হিজফেল্ডও বলেছেন, ‘শোয়েনস্টাইগারের মতো মূল্যবান খেলোয়াড়ের প্রতি এটা অসম্মান। ওর সঙ্গে ইউনাইটেডের এমন আচরণে আমি বিস্মিত।’
এই সমালোচনার জবা দিতে দেরি করেননি মরিনহো। রুমেনিগেকে স্বভাবসুলভ খোঁচা দিয়ে বলেছেন, ‘বায়ার্নের কিছু লোকের কথা শুনে আমি তো মনে করেছিলাম, ওরা শোয়েনস্টাইগারকে আবার সই করাতে ছুটে আসবে। কিন্তু কেউ এল না তো! আমি খুবই বিস্মিত যে রুমেনিগে তাঁকে ফেরত নিয়ে যেতে এলেন না!’
এই বিতর্কে শোয়েনস্টাইগার অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেছেন আগেই। জানিয়ে দিয়েছেন, ইউনাইটেডই ইউরোপে তাঁর শেষ ক্লাব, এটি ছেড়ে আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই তাঁর। ক্লাবের যখনই তাঁকে দরকার হবে, নিজের সেরাটা দিতে তৈরি তিনি। স্কাই স্পোর্টস।