এবার রোনালদোর মুখেই মেসির নাম

আর মাত্র দুই মাস পর জুরিখের মঞ্চে ব্যালন ডি’অর কার হাতে উঠবে এ নিয়ে তাঁদের দুজনের মধ্যেই সবচেয়ে বেশি তোলপাড়টা চলার কথা। বিশ্ব ফুটবল শ্রেষ্ঠত্বের পুরস্কার এই সোনার বলটাকে যে তাঁরা নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছেন! লিওনেল মেসি জিতেছেন টানা চারবার। ক্রিস্টিয়ানো রোনালদো তিনবার। তবে এবার পুরস্কার রজনীটি যতই কাছাকাছি আসছে, অনুমান আর জল্পনা ততই এগিয়ে দিচ্ছে মেসিকে। স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদোই এবার ব্যালন ডি’অরটা দেখছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হাতে।
দিন কয়েক হলো নিজের আত্মজীবনী নিয়ে রচিত প্রামাণ্যচিত্র রোনালদো মুক্তি পেয়েছে। এ নিয়ে প্রচারমাধ্যমে আলোচনায় আসছেন পর্তুগিজ অধিনায়ক। এবার ব্রিটিশ টক শো ‘দ্য জোনাথন রস শো’তে এসে সম্ভাব্য ব্যালন ডি’অর নিয়ে নিজের ভাবনাটা জানিয়ে দিলেন তিনি।
গত মৌসুমটা দারুণ কেটেছে দুজনেরই। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে মৌসুমে ৬৬ গোল করেছিলেন রোনালদো। কিন্তু ৫৯ গোল নিয়ে পিছিয়ে থাকা মেসি সাফল্যের বিচারে এগিয়ে থাকবেন কয়েক মাইল। বার্সেলোনাকে ত্রিমুকুট জিতিয়েছেন মেসি, আর রোনালদোর রিয়াল মাদ্রিদের মৌসুমটা গেছে শিরোপাহীন।
নিজের গোলসংখ্যায় আলোয় মোড়া দারুণ একটা মৌসুম গেলেও দলীয় সাফল্যের কারণেই ২০১৬ সালের ১১ জানুয়ারি জুরিখে বার্সা ফরোয়ার্ডের হাতে পঞ্চম ব্যালন ডি’অর দেখছেন রোনালদো। কারণটাও ব্যাখ্যা করেছেন ৩০ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড, ‘আমার মনে হয় এই ট্রফিগুলোর কারণে মেসি পুরস্কারটা জিতবে। ও প্রতিযোগিতাগুলো জিতে নিল, চ্যাম্পিয়নস লিগ জিতল, লিগ জিতে নিয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমিও সম্ভবত জীবনের সেরা মৌসুমটাই কাটিয়েছি, ইউরোপে সর্বোচ্চ গোলদাতা হয়েছি। কিন্তু পুরস্কারটা যে পুরোপুরিই নির্ভর করে ভোটের ওপর। পুরস্কারটা জেতা তাই বেশ কঠিন। সত্যি বলতে এ নিয়ে আমি ভাবছিও না। আমি তিনবার এই পুরস্কার পেয়েছি। ব্যালন ডি’অর যে আমি তিনবার জিতব, এটাই তো কোনো দিন ভাবিনি!’
তবে প্রচারমাধ্যমে যেভাবে বলা হয়, আর্জেন্টাইন তারকাকে ওভাবে ‘প্রতিদ্বন্দ্বী’ বলতে রাজি নন রোনালদো, ‘আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমরা আট বছর ধরে ফিফার মঞ্চটা ভাগাভাগি করছি। আর কেউই এভাবে করতে পারেনি। শুধু আমরাই। এটা দুর্দান্ত। মেসির সঙ্গে আমার সম্পর্ক দারুণ। ও এক ক্লাবে খেলে, আমি এক ক্লাবে। ও নিজের জন্য সর্বোচ্চটাই জিতেছে, আমিও। আমি প্রাণের বন্ধু নই, তবে একে অন্যের প্রতি বেশ সম্মান আছে আমাদের।’ ইএসপিএন।