এবার রয় কিনও

কেভিন পিটারসেনের আত্মজীবনী নিয়ে ইংলিশ ক্রিকেটে তোলপাড়। এবার বোধ হয় সেই ঝড় উঠতে যাচ্ছে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলেও। পিটারসেনের মতোই বিতর্কিত এক আত্মজীবনী লিখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক আইরিশ মিডফিল্ডার রয় কিন। নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাবেক ইউনাইটেড অধিনায়ক তাঁর একসময়ের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে বলেছেন ‘ক্ষমতালোভী’, ‘মিথ্যাবাদী’!
১৯৯৩ থেকে ২০০৫, দীর্ঘ এক যুগ ওল্ড ট্রাফোর্ডে কাটিয়েছেন রয় কিন, পুরোটাই স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে। তবে শেষ দিকে বিষিয়ে উঠেছিল কোচ-খেলোয়াড়ের সম্পর্কটা। তারই ফলাফল, ইউনাইটেড থেকে কিনের বিদায়। দুজনের সম্পর্কটা যে কতটা খারাপ হয়ে গিয়েছিল তার প্রমাণ আছে গত বছর প্রকাশিত ফার্গুসনের আত্মজীবনীতেও। সেই বইতে কিনের বিরুদ্ধে বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে দুর্ব্যবহার, এমইউ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জুনিয়র খেলোয়াড়দের বিশ্রী সমালোচনার অভিযোগ করেছেন ফার্গুসন। এবার নিজের আত্মজীবনী দ্য সেকেন্ড হাফ-এ যেন সেগুলোরই জবাব দিলেন সাবেক আইরিশ মিডফিল্ডার। লিখেছেন, ‘ফার্গুসনের কাছে সবই ছিল ব্যবসা। তাঁর আচরণ খুবই নির্মম এবং আন্তরিকতার অভাবই তাঁর বড় শক্তি।’
পরশু ডাবলিনে তাঁর বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের সংবাদ সম্মেলনেও উঠে এসেছে ফার্গুসনের সঙ্গে কিনের এই তিক্ত সম্পর্কের প্রসঙ্গ। সেখানেই ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে সফল কোচকে ক্ষমতালোভী ও মিথ্যাবাদী উল্লেখ করে কিন বলেছেন, ‘আমরা যখন তাঁকে সাফল্য এনে দিচ্ছিলাম, তখন তো তিনি আমাদের কোনো সমালোচনা করেননি। তখন তিনি ট্রফি জেতা, মিলিয়ন মিলিয়ন পাউন্ড কামানো আর নতুন নতুন চুক্তি সই করতে ব্যস্ত ছিলেন। এখন তাঁর নামে মাঠে স্ট্যান্ড হয়েছে, তাঁর মূর্তি হয়েছে। কিন্তু যারা তাঁকে এই সাফল্য এনে দিয়েছে, তাদের সমালোচনা করাটা নিতান্তই হাস্যকর।’
এখন প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার সহকারী কোচের দায়িত্বে থাকা কিনের তির থেকে রেহাই পাননি চেলসি কোচ হোসে মরিনহোও। ২৭ সেপ্টেম্বর স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-ভিলা ম্যাচের শেষ দিকে মরিনহো করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাতে সাড়া দেননি কিন। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গটি উঠলে কিন দোষটা চাপিয়েছেন চেলসি কোচের ঘাড়ে, ‘ম্যাচ তখনো শেষ হয়নি অথচ সে মাঠ ছেড়ে চলে যাচ্ছিল। এটা তো অসম্মানজনক। আমি তাকে অন্য কোচদের সঙ্গেও এমন আচরণ করতে দেখেছি। এটা অপমানজনক।’ এএফপি, গার্ডিয়ান।