এবার শাস্তি পাবে শেখ জামাল ধানমন্ডি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবলে খেলছেই না শেখ জামাল ধানমন্ডি। প্রিমিয়ার লিগের দলগুলোর এই প্রতিযোগিতায় খেলা বাধ্যতামূলক। কিন্তু লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল সেটিকে আমলেই নিচ্ছে না। আগামী ১২ সেপ্টম্বর শুরু ক্লাবগুলোর দ্বিতীয় যুব ফুটবল টুর্নামেন্টে খেলতে তারা রাজিই হয়নি।
এই প্রতিযোগিতার প্রথম আসরেও খেলেনি শেখ জামাল। এবারও না খেলা মানে ধরতে হবে বাফুফের আইনের প্রতি দলটি শ্রদ্ধাশীল নয়। যা নিয়ে চারদিকে নানা কথা। বাধ্যতামূলক হলেও গতবার না খেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শেখ জামালের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, তাহলে বাফুফের বাইলজ রাখার যৌক্তিকতা কী?
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম বলছেন, ‘গতবার বাফুফে শেখ জামালকে কারণ দর্শাও নোটিশ দিলে তারা দুঃখ প্রকাশ করে দ্বিতীয় আসর থেকে খেলার অঙ্গীকার করেছিল। তাই তখন কোনো ব্যবস্থা নেয়নি ফেডারেশন। এমনকি শেখ জামালের পরামর্শেই গতবারের অনূর্ধ্ব-১৬ থেকে এবার অনূর্ধ্ব-১৮ করা হচ্ছে। কিন্তু এবারও তারা খেলছে না, লিগ কমিটি বিষয়টাকে গুরুত্ব দিয়েই দেখবে।’
কিন্তু বাইলজে শাস্তির বিষয়টিই উল্লেখ নেই! বলা আছে, ক্লাবগুলোর একটা করে যুব দল থাকা আবশ্যক এবং সেই দলের বাফুফের টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক। তবে বাইলজে উল্লেখ না থাকলেও লিগ কমিটি যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে লেখা আছে।
কিন্তু বড় প্রশ্ন, প্রশংসনীয় এই উদ্যোগের সঙ্গে শেখ জামাল নেই কেন? ক্লাব সভাপতি মনজুর কাদের কাল মুঠোফোনে প্রথমেই বললেন, ‘আমরা তো কিছুই জানি না।’ কিন্তু ঘটনা হলো, বাফুফে চিঠি দিয়েছে শেখ জামালকে এবং একাধিকবার কথা বলেছে ক্লাব সভাপতির সঙ্গে। এসব মনে করিয়ে দিলে মনজুর কাদের ক্ষোভে ফেটে পড়লেন লিগ কমিটির বিরুদ্ধে, ‘ওরা (বাফুফে) খেলতে বলবে আমরা খেলব এটা হয় নাকি? টার্মস অ্যান্ড কন্ডিশন কী, টাকা দেবে কে, এসব তো জানাতে হবে।’ তাঁর প্রশ্ন, ‘ওরা দুই লাখ টাকা দিতে চায়, আমার খরচ হবে ৫০ লাখ টাকা (অন্য বড় দলগুলোর দলের বাজেট সাত-আট লাখ টাকা)। বাকি টাকা কে দেবে?’
আবাহনী, মোহামেডান, শেখ রাসেলসহ অন্য ক্লাবগুলো খেলছে। শেখ জামাল স্রোতের বিরুদ্ধে কেন? এই প্রশ্নে আবারও লিগ কমিটির নানা ত্রুটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মনজুর কাদের। অথচ লিগ কমিটির ত্রুটি মেনেই প্রিমিয়ার লিগে খেলে শেখ জামাল। তাহলে বাধ্যতামূলক যুব টুর্নামেন্ট খেলবে না কেন?