‘চলো সবাই স্কুলে যাই’—এই প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্ট সাড়া ফেলেছে বাংলাদেশের তৃণমূল ফুটবলে। বিশ্বের আর কোথাও এত বিপুল দলের ফুটবল টুর্নামেন্ট হয় কি না, তা গবেষণার বিষয়। বাংলাদেশের এই আয়োজনে শুরুতে নয় লাখ শিশু খেলেছে, এখন ২১ লাখ, স্কুলের সংখ্যা ৬৫ হাজার। ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু, তারপর উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব।
এবারও ব্যতিক্রম নয়। ছেলেদের ষষ্ঠ বঙ্গবন্ধু গোল্ড কাপ ও মেয়েদের চতুর্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবলের চূড়ান্ত পর্ব আজ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে। নকআউট-ভিত্তিক এই পর্বের দুই বিভাগেই খেলছে সাতটি বিভাগীয় চ্যাম্পিয়ন দল। ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি ফাইনাল শেষে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগটা এগিয়ে নিতে কারিগরি সহায়তা দিচ্ছে বাফুফে। প্রতিভাবানদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়ার কথাও কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানালেন বাফুফের সহসভাপতি বাদল রায়। এমন বিশাল আয়োজন স্বাভাবিকভাবেই গিনেস রেকর্ড বুকে তোলার চেষ্টাও নাকি চলছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান দিলেন আরেকটি খবর, টুর্নামেন্টটি নজর কেড়েছে ইউনিসেফের। তারা এর সঙ্গে যুক্ত হতে চাইছে।