এবার শুধু দেশি ফুটবলারদের লড়াই

২০১৬-১৭ মৌসুমে বিদেশি ফুটবলার কোটা কমানোকে বাহবা দিয়েছে সবাই। মৌসুম শেষে এসে আরও একবার প্রশংসা কুড়িয়ে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া স্বাধীনতা কাপ টুর্নামেন্টটি হবে পুরোপুরি বিদেশি ফুটবলার ছাড়া। অর্থাৎ লিগে বেঞ্চে বসে থাকা দেশি খেলোয়াড়েরা নিজেদের প্রমাণের জন্য একটি শেষ সুযোগ পাচ্ছেন।
আজই অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির ড্র। প্রিমিয়ার লিগের ১২টি দল ভাগ হয়ে খেলবে চার গ্রুপে। লিগ চ্যাম্পিয়ন আবাহনী আছে গ্রুপ ‘সি’তে। ‘এ’ গ্রুপে আছে রানার্সআপ শেখ জামাল। আরেকটি হতাশা মাখানো প্রিমিয়ার লিগ কাটানো মোহামেডান আছে জামালের গ্রুপেই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী আছে ‘ডি’ গ্রুপে। কাগজে-কলমে এই গ্রুপটিই কঠিন। চ্যাম্পিয়নদের সঙ্গে আছে নবাগত শক্তি সাইফ স্পোর্টিং ও আরামবাগ। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল।
ফেডারেশন কাপে আবাহনী লিমিটেডের শিরোপা জয় দিয়ে শুরু হয়েছিল মৌসুম। প্রিমিয়ার লিগের শিরোপাও গিয়েছে তাদের ঘরে। স্বাধীনতা কাপও কি আবাহনীর ভাগ্যে যাচ্ছে, নাকি নতুন কোনো দল? সে উত্তর যাই হোক, দেশি ফুটবলারদের নিয়ে সেরা কোন দল—সে উত্তরটা তো পাওয়া যাবে নিশ্চিত।
গ্রুপ ‘এ’- শেখ জামাল, রহমতগঞ্জ, মোহামেডান
গ্রুপ ‘বি’- ব্রাদার্স, মুক্তিযোদ্ধা সংসদ, ফরাশগঞ্জ
গ্রুপ ‘সি’- আবাহনী লিমিটেড, শেখ রাসেল, টিম বিজেএমসি
গ্রুপ ‘ডি’- চট্টগ্রাম আবাহনী, আরামবাগ, সাইফ স্পোর্টিং