এবার শুরুতেই হার অ্যাটলেটিকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্লাবে-ওক্লাবে ধারে খেলেই কেটে যাচ্ছিল সময়। গত জানুয়ারিতে যখন ফুলহামে যোগ দিলেন, মনে হচ্ছিল কস্তাস মিত্রোগ্লু বুঝি এবার থিতু হতে পারবেন। কিন্তু চোট আর ফর্মহীনতায় মৌসুমের বাকি সময়ে খেলতে পারলেন মাত্র ৩টি ম্যাচ! ফুলহামেরও হলো অবনমন। এ মৌসুমেই আবার ধারে ফিরেছেন সাবেক ক্লাব অলিম্পিয়াকোসে। গ্রিক ক্লাবটির হয়ে গ্রিক স্ট্রাইকার পরশু ১০ মাস পর গোলও পেয়ে গেলেন। আর তাঁর সেই গোলটিই শেষ পর্যন্ত জন্ম দিয়েছে বড় এক অঘটনের। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচেই অলিম্পিয়াকোস ৩-২ গোলে হারিয়ে দিয়েছে গতবারের রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদকে।
গত মৌসুমে অ্যাটলেটিকো ফাইনালে উঠেছিল অপরাজিত থেকে। এবার শুরুই হলো হার দিয়ে। তবে অ্যাটলেটিকোর নগর প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শিরোপা রক্ষার মিশন শুরু করেছে বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে। জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, লিভারপুলও।
গত মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগে এই অলিম্পিয়াকোসই ২-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবার শুরুতেই চমক। নিজেদের মাঠে ৩১ মিনিটেই ২-০ তে এগিয়ে যায় অলিম্পিয়াকোস। মারিও মানজুকিচ অ্যাটলেটিকোকে ম্যাচে ফেরান বটে, তবে ৭৩ মিনিটে অ্যাটলেটিকোর সমতার আশায় জল ঢেলে দেন মিত্রোগ্লু। শেষ দিকে গ্রিজমানের গোলটা শুধু ব্যবধানই কমিয়েছে। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে এই পরাজয়ে খুবই হতাশ, ‘কোনো সন্দেহই নেই, এটা আমাদের জন্য খুবই নেতিবাচক ফল। আমাদের জন্য এখন ঘুরে দাঁড়ানোটা অবশ্যই গুরুত্বপূর্ণ।’
গুরুত্বপূর্ণ তো বটেই, কঠিনও। কারণ পরের ম্যাচের প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস, পরশু যারা ২-০ গোলে হারিয়েছে সুইডিশ ক্লাব মালমোকে। তুরিনে জুভদের দুটো গোলই করেছেন কার্লোস তেভেজ। চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল পেলেন পাঁচ বছর পর! ২০০৯-এর ৭ এপ্রিল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পোর্তোর বিপক্ষে গোলটাই ছিল এর আগে চ্যাম্পিয়নস লিগে তাঁর সর্বশেষ গোল। কাকতালীয়ভাবে ২০০৯ সালের পর চ্যাম্পিয়নস লিগে ফিরে লিভারপুলও গোল ও জয়ের দেখা পেল একই দিনে। অ্যানফিল্ডের নাটকীয় ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগে মূল পর্বে অভিষিক্ত লুদোগোরেৎসকে। ৮২ মিনিট পর্যন্ত লিভারপুলকে আটকে রেখেছিল বুলগেরিয়ান ক্লাবটি। লিভারপুলকে প্রথম এগিয়ে দেন মারিও বালোতেল্লি—লিভারপুলে ইতালিয়ান স্ট্রাইকারের প্রথম গোল! যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলটা লুদোগোরেৎস শোধ করে দিলে ড্রকেই যখন মনে হচ্ছিল ম্যাচের নিয়তি, তখনই পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন স্টিভেন জেরার্ড। এএফপি।

এক নজরে ফল
অলিম্পিয়াকোস ৩ : ২ অ্যাটলেটিকো
জুভেন্টাস ২ : ০ মালমো
লিভারপুল ২ : ১ লুদোগোরেৎস
রিয়াল মাদ্রিদ ৫ : ১ বাসেল
বেনফিকা ০ : ২ জেনিত
মোনাকো ১ : ০ লেভারকুসেন
ডর্টমুন্ড ২ : ০ আর্সেনাল
গ্যালাতাসারাই ১ : ১ আন্ডারলেখট
*প্রথমে স্বাগতিক দল