এবার সাম্পাওলি-যুগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউজা
বাউজা

নতুন দিনের প্রতিশ্রুতি দিয়ে গত বছরের আগস্টে দায়িত্বে এসেছিলেন। আর্জেন্টিনাকে আরও ঘোর অনিশ্চয়তার আঁধারে নিয়ে যাওয়া এদগার্দো বাউজা এক বছরও টিকতে পারলেন না। জাতীয় দলের কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছে এই কোচকে। নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে হোর্হে সাম্পাওলির নাম।
আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় নিল এই বড় সিদ্ধান্ত। নতুন সভাপতি ক্লদিও তাপিয়া সোমবার বলেছেন, ‘বাউজার সঙ্গে কথা বলে আমরা মৌখিক সিদ্ধান্তে পৌঁছেছি। তাঁকে বলে দেওয়া হয়েছে, তিনি আর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ নেই। জাতীয় দলের অবস্থা খুব বাজে, এটা সবাই জানে।’
তাপিয়া এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। বাউজার উত্তরসূরি কে হবেন, সে ব্যাপারেও কোনো ইঙ্গিত দেননি। তবে গতকাল সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা ছিল। সেখানে নতুন কোচের নামও ঘোষণা হওয়ার কথা। আর্জেন্টিনা ও স্পেনের সংবাদমাধ্যম অবশ্য একরকম নিশ্চিত করেছে, সাম্পাওলিই হতে চলেছেন আর্জেন্টিনার নতুন কোচ। তবে এএফএর জন্য সাম্পাওলিকে পাওয়ার পথটা সহজ হবে না।
চিলিকে ২০১৫ কোপা আমেরিকা জেতানো এই আর্জেন্টাইন কোচ গত বছর সেভিয়ার দায়িত্ব নেন। স্প্যানিশ ক্লাবটির হয়েও ঝলকও দেখাচ্ছেন। সেভিয়ার সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি আছে তাঁর। ফলে সাম্পাওলিকে পেতে হলে সেভিয়াকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে এএফএকে। যে অঙ্কটা ১৫ লাখ ইউরো (প্রায় সাড়ে ১২ কোটি টাকা) বলে শোনা যাচ্ছে। তা ছাড়া বাউজাকেও নির্দিষ্ট সময়ের আগে ছাঁটাই করার কারণে দিতে হবে ক্ষতিপূরণ। অবশ্য সব পক্ষ সমঝোতায় এলে ক্ষতিপূরণের অঙ্কে হেরফের হতেও পারে।
তাপিয়া কদিন আগে বলেছিলেন, বাউজাকে ছাঁটাই করা হবে না। তখন অনুমান করা হচ্ছিল, এই ক্ষতিপূরণের অঙ্ক নিয়েই ভাবছে এএফএ। আগস্টের আগে বাছাইপর্বের খেলা নেই। ফলে এএফএ ‘ধীরে চলো’ নীতি নিচ্ছিল। তা ছাড়া সাম্পাওলি বার্সেলোনার কোচ হতে পারেন বলেও শোনা যাচ্ছিল। তবে এই কদিনে সব পক্ষের কথাবার্তা এগিয়ে গেছে বলেই হয়তো এএফএ বাউজাকে দ্রুত সরিয়ে দিল। ক্লাব মৌসুম শেষ করে জুনের মধ্যে দায়িত্বে এলে সাম্পাওলিও আর্জেন্টিনা দলটা গুছিয়ে নিতে সময় পাবেন। এএফএকে তিনি আরও কিছু শর্ত দিয়েছেন বলে শোনা যাচ্ছে। যাঁর মধ্যে আছে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তির নিশ্চয়তা।
সাম্পাওলি বা যিনিই দায়িত্ব নিন, তাঁর চ্যালেঞ্জটা হবে খুব কঠিন। ১৯৭০ সালের পর এই প্রথম আর্জেন্টিনা বাছাইপর্বে বাদ পড়ার শঙ্কায়। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচে। এই অঞ্চল থেকে সরাসরি চারটি দল খেলবে বিশ্বকাপ। আর্জেন্টিনার বাকি চারটি ম্যাচ উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিপক্ষে। নিষেধাজ্ঞার কারণে প্রথম তিন ম্যাচেই খেলতে পারবেন না অধিনায়ক লিওনেল মেসি। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আবেদন করার ঘোষণা দিয়েছে এএফএ।
রেফারিকে গালি দিয়ে চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার শাস্তি না কমলে মেসি ফিরবেন অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় কিটোর মাঠের এই ম্যাচটি হয়ে উঠতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ যাওয়া না-যাওয়ার ম্যাচ।
আর্জেন্টিনার এই মুহূর্তে যে দুর্দশা, তাতে আপাতত বাউজা থেকে মুক্তিই তাদের জন্য সুখবর। এই ৮ ম্যাচে আর্জেন্টিনার তারকাখচিত আক্রমণভাগ ৯ গোল করেছে মাত্র, উল্টো দিকে হজম করেছে ১০ গোল। অবশ্য বাউজা-যুগের আগের ৬ ম্যাচে টাটা মার্টিনোর অধীনে ৬ ম্যাচে ৬ গোল করেছিল তারা। মোট ১৪ ম্যাচে ১৫ গোল, বাছাইপর্বের তলানিতে থাকা ভেনেজুয়েলাও বেশি গোল করেছে আর্জেন্টিনার চেয়ে। মার্টিনো-বাউজা কেউই আসলে পথ দেখাতে পারেননি।
আর্জেন্টাইন ফুটবল তাই নতুন এক দিশারির অপেক্ষায়। সূত্র: রয়টার্স, এএফপি, মার্কা।
আর্জেন্টিনার কোচ হিসেবে বাউজা
ম্যাচ জয় পরাজয় ড্র ৮ ৩ ৩ ২