এবার স্তব্ধ হয়ে গেলেন ঘিগিয়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংবদন্তির শেষযাত্রা। ফুলেল শ্রদ্ধা আর চোখের জলে অ্যালসিদেস ঘিগিয়াকে বিদায় জানালেন উরুগুইয়ানরা। গত শুক্রবার মন্টেভিডিওতে। ইনসেটে বিশ্বকাপ হাতে ঘিগিয়া l এএফপি
কিংবদন্তির শেষযাত্রা। ফুলেল শ্রদ্ধা আর চোখের জলে অ্যালসিদেস ঘিগিয়াকে বিদায় জানালেন উরুগুইয়ানরা। গত শুক্রবার মন্টেভিডিওতে। ইনসেটে বিশ্বকাপ হাতে ঘিগিয়া l এএফপি

প্রায় দুই লাখ ধারণক্ষমতার মারাকানা স্টেডিয়াম সেদিন স্তব্ধ করে দিয়েছিলেন তিনি। শুধু একটা গোলে! পরে ওই গোল নিয়ে যে কথাটা বলেছিলেন, সেটাও চিরকাল ফুটবল রূপকথার অংশ হয়ে থাকবে—‘মারাকানাকে স্তব্ধ করতে পেরেছেন শুধু তিনজন লোক—পোপ, ফ্রাঙ্ক সিনাত্রা আর আমি।’
ভদ্রলোকের নাম অ্যালসিদেস ঘিগিয়া। ১৯৫০ সালের ১৬ জুলাই যাঁর গোলে মারাকানা ডুবেছিল নৈঃশব্দ্যের অতল গহ্বরে, শোকের সাগরে ভেসেছিল ব্রাজিল, সেই ঘিগিয়া স্তব্ধ হয়ে গেলেন চিরদিনের জন্য। চলে গেলেন না-ফেরার দেশে। কী কাকতাল, মৃত্যুর দিনটাও সেই ১৬ জুলাই! রূপকথার জন্ম দিয়ে উরুগুয়েকে বিশ্বকাপ জেতানোর ৬৫তম বার্ষিকীতে!
বেশ কয়েক বছর ধরেই পরিবার নিয়ে উরুগুয়ের লাস পেইদ্রাস শহরে থাকতেন। ৮৮ পেরোনো শরীরটাতে রোগশোক বাসা বেঁধেছিল অনেক। ঘিগিয়ার ছেলে আরকাদো উরুগুয়ের একটি টেলিভিশনকে জানিয়েছেন, ‘সকালে (গত বৃহস্পতিবার) পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমার সঙ্গে ফুটবল নিয়ে কথাও বলছিলেন। হঠাৎ থেমে গেলেন। চিকিৎসকেরা চেষ্টা করেছিল, কাজ হয়নি।’ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মন্টেভিডিওর সেই হাসপাতালেই শেষনিশ্বাস ফেললেন উরুগুইয়ান কিংবদন্তি।
ফুটবলার হিসেবে তাঁর নামটা পেলে-ম্যারাডোনা কিংবা ডি স্টেফানোদের সঙ্গে উচ্চারিত হয় না। আহামরি নয় জাতীয় দল কিংবা ক্লাব ক্যারিয়ার কোনোটাই। উরুগুয়ের ঐতিহ্যবাহী ক্লাব পেনারল ছাড়া খেলেছেন ইতালির রোমা ও মিলানে। কিন্তু ১৯৫০ বিশ্বকাপে ওই এক গোলই ঘিগিয়াকে পরিণত করেছে ফুটবল ইতিহাসের অমর এক নামে।
মারাকানায় ১৯৫০ বিশ্বকাপের অলিখিত ফাইনালে উরুগুয়ের সঙ্গে ড্র করলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতত ব্রাজিল। জয় নিয়ে ব্রাজিলিয়ানরা এতই নিশ্চিত ছিল যে, ম্যাচের দিন দেশটির শীর্ষস্থানীয় একটি দৈনিকে ব্রাজিল দলের ছবি দিয়ে ক্যাপশন লেখা হয়েছিল—‘বিশ্ব চ্যাম্পিয়ন’। ৪৭ মিনিটে ফ্রিয়াকার গোলের পর আগাম উদ্যাপনও শুরু হয়ে গিয়েছিল মারাকানায়। কিন্তু ৬৬ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার শিয়াফিনো গোল করে সমতা ফেরালেন। তারপর ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে ঘিগিয়ার সেই গোল! পরে যে গোলের স্মৃতিচারণা করতে গিয়ে ঘিগিয়া বলেছিলেন, ‘পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গিয়েছিল। দর্শকেরা যেন সবাই জমে বরফ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, ওরা কেউ নিশ্বাসও নিচ্ছে না।’
ফুটবলের ইতিহাসে আর কোনো ম্যাচ নিয়ে এত গল্প, উপাখ্যান লেখা হয়েছে কিনা সন্দেহ আছে। মারাকানায় সেই হার ব্রাজিলিয়ানদের বুকে এমন শেলসম বিঁধেছিল যে, পরে সেই ম্যাচের নামই হয়ে যায় ‘মারাকানাজো’ (মারাকানা বিপর্যয়)। পাঁচটি বিশ্বকাপ জেতার পরও সেই দুঃখ এখনো বুকে বয়ে বেড়ায় ব্রাজিলিয়ানরা।
সেই দুঃখের গভীরতা কতটা, তা বোঝা যাবে দুটি ঘটনায়। ওই ম্যাচের ৫০ বছরেরও বেশি সময় পরে একবার ব্রাজিল যাওয়ার সময় রিও ডি জেনিরো বিমানবন্দরে ইমিগ্রেশন পার হচ্ছিলেন ঘিগিয়া। তরুণী ইমিগ্রেশন কর্মকর্তা তাঁর পাসপোর্ট পরীক্ষার পর জিজ্ঞেস করলেন, ‘আপনিই সেই ঘিগিয়া নন তো, যিনি মারাকানায় ব্রাজিলকে হারিয়েছিলেন?’ ঘিগিয়া অবাক হয়ে জবাব দেন, ‘হ্যাঁ, আমিই সেই লোক। কিন্তু সে তো অনেক বছর আগে।’ বুকে হাত দিয়ে ওই মেয়েটি বলেছিলেন, ‘না, ওই ব্যথা এখনো এখানে রয়ে গেছে।’
পরের ঘটনাটি সেই মানুষটাকে নিয়ে, যিনি সেদিন ব্রাজিলের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ছিলেন। মোয়াসির বারবোসা নাসিমেন্তো। তাঁর সময়ে ব্রাজিলের সেরা গোলরক্ষক, কিন্তু ঘিগিয়ার সেই গোল ব্রাজিলে জাতীয় ‘খলনায়ক’ বানিয়ে দিয়েছিল তাঁকে। পরে বারবোসা যেখানেই গেছেন লোকজন এমন ঘৃণাভরে তাকাত, যেন তাঁর অপরাধের কোনো ক্ষমা হয় না। ক্ষমা তাঁকে ব্রাজিলিয়ানরা করেওনি। মারাকানাজোর পর বারবোসা বেঁচে ছিলেন ৫০ বছর, মৃত্যু অবধি একরকম নির্বাসিত জীবনই কাটিয়েছেন। শেষজীবনে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ব্রাজিলে কোনো অপরাধের সর্বোচ্চ সাজা হলো ৩০ বছরের জেল। আর আমি ৫০ বছর ধরে এই শাস্তি ভোগ করছি।’
২০০০ সালে ৭৯ বছর বয়সে মৃত্যু এসে বারবোসাকে বাঁচিয়ে দেয় সেই অভিশপ্ত জীবন থেকে। সেই ম্যাচের ব্রাজিল ও উরুগুয়ে দলের খেলোয়াড়দের মধ্যে এত দিন বেঁচে ছিলেন একমাত্র ঘিগিয়াই। মৃত্যু তাঁদের দুজনকে আবারও মিলিয়ে দিল। এএফপি, রয়টার্স, গার্ডিয়ান।