এবার হাসলেন ইলিয়াসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গড়পড়তা আফ্রিকান ফুটবলারদের চেয়ে স্যামসন ইলিয়াসু একটু আলাদাই। উচ্চতা তুলনামূলক কম। মূলত মাঝমাঠে খেলেন। তবে এলিটা কিংসলে চোটের কারণে বাইরে থাকায় লিগে ইলিয়াসুকে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে বিজেএমসি। তা ভালোই করছেন এই নাইজেরিয়ান। মিডফিল্ডার হলেও গোলের রাস্তাটা খুব ভালো চেনেন। লিগে এ পর্যন্ত ৫ গোল করে রহমতগঞ্জের সিও জুনাপিউর পাশে বসা তো সেটাই বলছে।

টানা দুই ম্যাচে দুটি করে গোল করলেন ইলিয়াসু। আগের ম্যাচের দুই গোল অবশ্য বৃথা গিয়েছিল। শেখ জামালের কাছে বিজেএমসি হেরে যায় ৩-২ গোলে। কাল আর হার নয়। উত্তর বারিধারার জালে ইলিয়াসুর গোল দুটি লিগের সপ্তম ম্যাচে বিজেএমসিকে এনে দিয়েছে প্রথম জয়। সাত ম্যাচে দলটির পয়েন্ট ৭।

উত্তর বারিধারার কী যে হলো, প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে সাড়া ফেলে কোথায় যেন হারিয়ে গেছে! টানা ষষ্ঠ হারে বারিধারাকে দেখাচ্ছে পালছেঁড়া এক নৌকার মতো। অবশ্য কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথম গোলটা করেছিল উত্তর বারিধারাই। সবুজের ফ্রি-কিকে সৌরভের হেড জালে।

কিন্তু ১০ মিনিটে ওই গোলের পর জ্বলে ওঠেন ইলিয়াসু। দুই মিনিট পরই তাঁর দারুণ হেডে ১-১। জয়সূচক গোলটি এল ৪০ মিনিটে। এবার মিডফিল্ডার আবদুল্লাহ আল মামুনের ঠেলে দেওয়া বল প্লেসিং করলেন ইলিয়াসু। তাঁর এই নৈপুণ্যে মুগ্ধ বিজেএমসির কোচ সাইদুর রহমানের চোখমুখে প্রথম জয়ের আনন্দটা চিকচিক করছিল ম্যাচের পর।